Back to article
IT Bangla Media itbangla.media
AI & Innovation Updated: 6 November 2026, 2:14 am

বৃহস্পতিবার দেশের প্রথম এআই বিজনেস সামিট, থাকছে ১৫০ স্টলের এক্সপো

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং ডিসিসিআইয়ের যৌথ আয়োজনে ৫ নভেম্বর বিসিএফসিসিতে হচ্ছে বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬। থাকছে তিনটি অধিবেশন ও এআই বিজনেস এক্সপো।

বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬ উপলক্ষে সংবাদ সম্মেলন
ছবি: ইউএনবি

দেশে প্রথমবারের মতো ‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬’ অনুষ্ঠিত হচ্ছে বৃহস্পতিবার (৫ নভেম্বর)। শিল্প ও বাণিজ্য খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্বশীল ব্যবহার বাড়াতে নীতিনির্ধারক, উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের এক জায়গায় আনাই এ আয়োজনের লক্ষ্য বলে জানিয়েছেন আয়োজকেরা।

মঙ্গলবার (৩ নভেম্বর) সচিবালয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সামিটের বিস্তারিত তুলে ধরা হয়। বার্তা সংস্থা ইউএনবি ও বাসসের খবর অনুযায়ী, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) যৌথভাবে দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করছে। ভেন্যু রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র (বিসিএফসিসি)।

এআই বিজনেস সামিট উপলক্ষে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন
ছবি: ইউএনবি

প্রতিপাদ্য ‘এআই-ফিকেশন ফর টুমরোস ইকোনমি’

ইউএনবির প্রতিবেদনে বলা হয়, এবারের সামিটের মূল প্রতিপাদ্য ‘এআই-ফিকেশন ফর টুমরোস ইকোনমি’। মানুষ, ব্যবসা ও বুদ্ধিমত্তা, এই তিনটি বিষয়ের সমন্বয়ের ধারণাকে ঘিরে সাজানো হয়েছে পুরো আয়োজন। সংবাদ সম্মেলনে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের এই সময়ে এআই বিশ্ব অর্থনীতির চেহারা বদলে দিচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, যৌথ এই উদ্যোগ শিল্প ও বাণিজ্যে দায়িত্বশীল এআই ব্যবহার এবং একটি টেকসই এআই ইকোসিস্টেম গড়ে তুলতে ভূমিকা রাখবে।

ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ বলেন, বাণিজ্য, শিল্প উৎপাদন, আর্থিক সেবা ও যোগাযোগ খাতে এআই বড় পরিবর্তন আনছে। বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে এ প্রযুক্তি গ্রহণ জরুরি বলে মনে করেন তিনি। এ জন্য কার্যকর নীতিসহায়তা, শিক্ষাক্রম যুগোপযোগী করা এবং প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলার ওপর জোর দেন তিনি।

তিন অধিবেশন, সঙ্গে এআই বিজনেস এক্সপো

বাসস জানায়, সকাল ১০টায় বিসিএফসিসির হল অব ফেমে উদ্বোধনী অধিবেশন শুরু হবে। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সম্মতি দিয়েছেন বলে জানানো হয়েছে।

দিনভর তিনটি বিষয়ভিত্তিক অধিবেশন হবে। দুপুর ১২টায় প্রথম অধিবেশনে এআইয়ের প্রয়োগ, সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হবে, যেখানে নীতিগত বাধা, দক্ষ জনবল ও প্রযুক্তি অবকাঠামোর প্রসঙ্গ আসবে। দ্বিতীয় অধিবেশনের বিষয় ব্যবসায়িক উদ্ভাবন ও প্রযুক্তি হস্তান্তরে শিক্ষাপ্রতিষ্ঠান ও শিল্পের অংশীদারত্ব। বিকেল ৩টার তৃতীয় অধিবেশনে আলোচনা হবে ‘ডিজিটাল সহকর্মী’ হিসেবে এআই এজেন্টের ভূমিকা এবং অর্ডার প্রক্রিয়াকরণ বা লেনদেন সমন্বয়ের মতো কাজে স্থানীয় প্রযুক্তির ব্যবহার নিয়ে। পাশাপাশি থাকবে একটি বিটুবি ম্যাচমেকিং সেশন।

সামিটের সঙ্গে ‘এআই বিজনেস এক্সপো’ নামে একটি প্রদর্শনীও হবে। ইউএনবির তথ্যমতে, সেখানে দেশি-বিদেশি এআইভিত্তিক প্রতিষ্ঠানের পণ্য ও সেবা নিয়ে ১৫০টি স্টল থাকবে। দেশের ২০টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তরুণ উদ্ভাবক ও উদ্যোক্তারাও নিজেদের উদ্ভাবন প্রদর্শন করবেন। এই আয়োজন তরুণ উদ্ভাবক, স্থানীয় উদ্যোক্তা ও বিদেশি প্রতিষ্ঠানের মধ্যে ধারণা বিনিময় এবং ব্যবসা সম্প্রসারণের সুযোগ তৈরি করবে বলে আশা ডিসিসিআই সভাপতির।

তথ্যসূত্র

Source: https://itbangla.media/en/tech/ai-innovation/e63k2ag24f/
© 2026 IT Bangla Media
Scan to verify and read the original