Back to article
IT Bangla Media itbangla.media
Tech

হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাটে চার নতুন ফিচার: মেনশন ফিল্টার, স্থায়ী পিন ও গ্রুপ স্ট্যাটাস

গ্রুপ চ্যাটে জরুরি মেসেজ সহজে খুঁজে পেতে Mentions and replies ফিল্টার, স্থায়ী পিন, যোগ দেওয়ার পরেও মেসেজ হিস্টরি পাঠানো এবং গ্রুপ স্ট্যাটাস চালুর ঘোষণা দিয়েছে WhatsApp।

WhatsApp গ্রুপ চ্যাটের চার নতুন ফিচার নিয়ে আইটিবাংলা গ্রাফিক্স
ছবি: WhatsApp / আইটিবাংলা গ্রাফিক্স

বড় গ্রুপ চ্যাটে কিছুক্ষণ চোখ না রাখলেই জমে যায় অসংখ্য মেসেজ। এর ভিড়ে নিজের জন্য জরুরি কথাটি খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ে। এই সমস্যা কমাতে গ্রুপ চ্যাটের জন্য চারটি নতুন ফিচার চালুর ঘোষণা দিয়েছে WhatsApp। ২৯ অক্টোবর ২০২৬ প্রকাশিত অফিশিয়াল ব্লগ পোস্টে প্রতিষ্ঠানটি জানিয়েছে, এসব আপডেটের লক্ষ্য হলো ব্যস্ততার পর গ্রুপ চ্যাটে ফিরে সহজে আগের জায়গা থেকে শুরু করা।

নতুন ফিচারগুলো হলো Mentions and replies ফিল্টার, মেসেজ স্থায়ীভাবে পিন করার সুবিধা, গ্রুপে যোগ দেওয়ার পরেও নতুন সদস্যকে মেসেজ হিস্টরি পাঠানো এবং গ্রুপ স্ট্যাটাস। প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম 9to5Mac-ও ঘোষণাটি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।

WhatsApp-এর অফিশিয়াল স্ক্রিনশটে Mentions and replies ফিল্টার, পিন করা মেসেজ ও মেসেজ হিস্টরি পাঠানোর ফিচার
WhatsApp-এর নতুন গ্রুপ চ্যাট ফিচারের অফিশিয়াল স্ক্রিনশট। ছবি: WhatsApp

১. Mentions and replies ফিল্টার

চ্যাট লিস্টে নতুন একটি ফিল্টার যোগ হচ্ছে। WhatsApp-এর ভাষ্য অনুযায়ী, এটি চালু করলে সেইসব অপঠিত গ্রুপ কথোপকথন দেখা যাবে, যেখানে ব্যবহারকারীকে মেনশন করা হয়েছে বা তাঁর মেসেজে সরাসরি রিপ্লাই এসেছে। @all দিয়ে পাঠানো মেসেজও এর মধ্যে থাকবে। ফলে অনেক গ্রুপের ভিড়ে নিজের জন্য প্রাসঙ্গিক চ্যাটগুলো দ্রুত খুঁজে নেওয়া যাবে।

9to5Mac জানিয়েছে, চ্যাট লিস্টে নিচের দিকে সোয়াইপ করলে যে ফিল্টার অংশটি আসে, সেখানে Groups, Favorites, Unread ও কাস্টম ফিল্টারের পাশে নতুন এই বাটনটি থাকবে।

২. মেসেজ পিন থাকবে স্থায়ীভাবে

গ্রুপে গুরুত্বপূর্ণ মেসেজ পিন করার সময় এখন থেকে সময়সীমা বেছে নেওয়া বাধ্যতামূলক থাকছে না। WhatsApp জানিয়েছে, চাইলে মেসেজটি সব সময়ের জন্য পিন করে রাখা যাবে। 9to5Mac-এর তথ্য অনুযায়ী, আগে পিন করার সময় ২৪ ঘণ্টা, ৭ দিন বা ৩০ দিনের মধ্যে একটি বেছে নিতে হতো।

৩. যোগ দেওয়ার পরেও মেসেজ হিস্টরি পাঠানো

চলতি বছরের শুরুতে WhatsApp নতুন সদস্যকে গ্রুপে যুক্ত করার সময় সাম্প্রতিক মেসেজ পাঠানোর সুবিধা এনেছিল। তখন যুক্ত করার মুহূর্তেই টগল চালু বা বন্ধ করে ঠিক করতে হতো, মেসেজ পাঠানো হবে কি না। এবার কেউ গ্রুপে যোগ দেওয়ার পরেও চ্যাটে তাঁর নামে ট্যাপ করে তাঁকে সাম্প্রতিক মেসেজগুলো পাঠানো যাবে। WhatsApp বলছে, অন্যান্য ব্যক্তিগত চ্যাটের মতো এসব মেসেজও end-to-end encrypted থাকবে।

৪. গ্রুপ স্ট্যাটাস

নির্দিষ্ট কোনো গ্রুপের সদস্যদের সঙ্গে স্ট্যাটাস শেয়ার করার সুবিধাও আসছে। WhatsApp উদাহরণ দিয়েছে, দৌড়ানোর ক্লাবের গ্রুপে যা শেয়ার করা হয়, তা হয়তো পরিবারের গ্রুপের জন্য মানানসই নয়। গ্রুপ স্ট্যাটাস সেই গ্রুপের সবাই দেখতে, তাতে রিঅ্যাক্ট করতে এবং নিজেদের স্ট্যাটাস যোগ করতে পারবেন। সাধারণ স্ট্যাটাসের মতো এগুলোও ২৪ ঘণ্টা পর মুছে যাবে।

কবে, কোথায় পাওয়া যাবে

ব্লগ পোস্টে WhatsApp ফিচারগুলো ২৯ অক্টোবর থেকে চালুর ঘোষণা দিলেও কোন দেশ বা কোন প্ল্যাটফর্মে কবে পৌঁছাবে, তার নির্দিষ্ট সময়সূচি দেয়নি। বাংলাদেশে চালুর বিষয়েও আলাদা কিছু জানানো হয়নি। 9to5Mac লিখেছে, WhatsApp-এর আপডেটের ক্ষেত্রে সাধারণত যেমন হয়, চারটি ফিচার সব ব্যবহারকারীর কাছে পৌঁছাতে কিছুটা সময় লাগতে পারে।

একই ব্লগ পোস্টে WhatsApp গ্রুপ চ্যাটের আগের কয়েকটি সুবিধার কথাও মনে করিয়ে দিয়েছে। এর মধ্যে আছে গ্রুপের কোনো একজনকে আলাদাভাবে প্রাইভেট রিপ্লাই দেওয়া, পোলে ‘allow multiple answers’ বন্ধ রেখে একটিমাত্র উত্তর নেওয়া এবং মেম্বার ট্যাগ দিয়ে গ্রুপে নিজের পরিচয় বা ভূমিকা জানানো।

তথ্যসূত্র

Source: https://itbangla.media/en/tech/y280ngnd2i/
© 2026 IT Bangla Media
Scan to verify and read the original