আর্টিকেলে ফিরে যান
IT Bangla Media itbangla.media
প্রযুক্তি হালনাগাদ: ১৩ নভেম্বর ২০২৬, ৭:৩০ পূর্বাহ্ন

কারকি ই-কমার্সে এখন বিকাশ ও এসএসএলকমার্জে পেমেন্ট নেওয়া যাবে

ওয়ার্ডপ্রেসের বিনামূল্যের প্লাগিন Kirki eCommerce-এর ১.০.১ সংস্করণে বিকাশ ও এসএসএলকমার্জ গেটওয়ে যোগ হয়েছে। চেকআউটে এখন ক্রেতার মুদ্রা অনুযায়ী পেমেন্টের বিকল্প দেখাবে।

বেগুনি ও হালকা পটভূমিতে কারকির লোগো, ‘কারকি ই-কমার্সে এখন বিকাশ ও এসএসএলকমার্জ’ লেখা এবং বিকাশ ও এসএসএলকমার্জের লোগোসহ দুটি পেমেন্ট অপশন কার্ড।
আইটিবাংলা গ্রাফিক্স

আমাদের প্রতিবেদক

ওয়ার্ডপ্রেসের বিনামূল্যের ই-কমার্স প্লাগিন Kirki eCommerce দিয়ে যাঁরা অনলাইন স্টোর চালান, তাঁরা এখন ক্রেতার কাছ থেকে সরাসরি বিকাশ ও এসএসএলকমার্জে টাকা নিতে পারবেন। ১১ নভেম্বর প্রকাশিত ১.০.১ সংস্করণে এই দুটি পেমেন্ট গেটওয়ে যোগ হয়েছে। এক সপ্তাহ আগে প্রথম সংস্করণ যখন আসে, তখন অনলাইন পেমেন্টের জন্য পেপ্যাল, স্ট্রাইপ, রেজরপে, মলির মতো বিদেশি গেটওয়ে থাকলেও বাংলাদেশি কোনো গেটওয়ে ছিল না। দেশের বিক্রেতাদের হাতে ছিল কেবল ক্যাশ অন ডেলিভারি আর ব্যাংক ট্রান্সফার।

প্লাগিনটি তৈরি করেছে বাংলাদেশি সফটওয়্যার প্রতিষ্ঠান থিমিয়াম, যা ওলিওর একটি প্রতিষ্ঠান। ওলিওর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কাওসার আহমেদ ১১ নভেম্বর রাত ৮টা ২৪ মিনিটে ফেসবুকে লেখেন, এই সংযোজনে বাংলাদেশের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর পক্ষে স্থানীয় পেমেন্ট নেওয়া ও অনলাইনে বিক্রি করা সহজ হবে। তাঁর ভাষায়, ই-কমার্সকে সবার জন্য সহজ ও নাগালের মধ্যে আনার পথে এটি ‘আরেকটি ধাপ’।

কমলা পটভূমিতে সবুজ চেয়ারের পাশে চেকআউট পেজ, পেমেন্ট অপশনে বিকাশ ও এসএসএলকমার্জ, মোট দাম ৬৩০০ টাকা।
ছবি: কারকি

যেভাবে চালু করবেন

কারকির ব্লগে প্রকাশিত রিলিজ নোট অনুযায়ী, প্লাগিনের Payments সেটিংসে গিয়ে বিকাশ ও এসএসএলকমার্জ যোগ করা যাবে। অন্য গেটওয়ের মতো এ দুটিও আলাদা সহযোগী প্লাগিন হিসেবে আসে। নতুন সংস্করণে ‘Add a payment method’ ডায়ালগ নতুন করে সাজানো হয়েছে, সেখানে সার্চ করে গেটওয়ে খুঁজে নেওয়া যায়। ইনস্টল করা গেটওয়ের নতুন সংস্করণ এলে সেখান থেকেই আপডেট করা যাবে।

গেটওয়ে প্লাগিন দুটির সেটিংসে দেখা যায়, বিকাশ চালু করতে বিক্রেতার মার্চেন্ট অ্যাকাউন্টের App Key, App Secret, Username ও Password লাগবে। এসএসএলকমার্জের জন্য লাগবে Store ID ও Store Password। আসল লেনদেনের আগে পরীক্ষা করে দেখার জন্য দুটিতেই Sandbox Mode রয়েছে।

অপরিশোধিত বিকাশ অর্ডার নিজেই আবার যাচাই

কোনো বিকাশ অর্ডার অপরিশোধিত অবস্থায় থেকে গেলে কারকি কিছুক্ষণ পর নিজে থেকেই সেটি আবার যাচাই করবে। এর মধ্যে ক্রেতার পেমেন্ট সম্পন্ন হয়ে থাকলে অর্ডারটি পরিশোধিত হিসেবে চিহ্নিত হবে।

ক্রেতার মুদ্রা দেখে চেকআউট

যেসব স্টোর একাধিক মুদ্রায় বিক্রি করে, সেখানে চেকআউটে এখন শুধু সেই গেটওয়েগুলো দেখাবে, যেগুলো ক্রেতার বেছে নেওয়া মুদ্রায় পেমেন্ট নিতে পারে। আলাদা করে কিছু সেট করতে হবে না। কারকির বিকাশ গেটওয়ে প্লাগিনের কোডে দেখা যায়, এটি শুধু টাকায় (BDT) লেনদেন নেয়। অর্থাৎ কোনো ক্রেতা ডলারে দাম দেখে চেকআউট করলে তাঁর সামনে বিকাশের বিকল্প আসবে না।

আরও যা বদলেছে

  • সার্চ ফলাফলে ছাড়ে থাকা পণ্যের পুরোনো দাম কেটে দেখানো হবে।
  • একসঙ্গে অনেক প্রোডাক্ট ভ্যারিয়েন্ট আপডেট আর প্রোডাক্ট বাছাইয়ের ডায়ালগ আগের চেয়ে দ্রুত কাজ করবে।
  • ট্যাক্স হিসাব বন্ধ থাকলে প্রোডাক্ট ফর্ম ও বাল্ক এডিটে ট্যাক্সের ঘর লুকানো থাকবে। ‘Charge tax’ বন্ধ রাখা ভ্যারিয়েন্টেও ট্যাক্স কেটে নেওয়ার ত্রুটি ঠিক করা হয়েছে।
  • শপ পেজের শিরোনাম ও বিবরণ হিসেবে পেজের নিজের টাইটেল ও এক্সসার্প্ট ব্যবহার হবে।
  • প্রোডাক্ট ফর্মে Brand ঘরটি প্রয়োজনমতো যোগ বা বাদ দেওয়া যাবে।

একটি পরিবর্তনে আগে থেকে সতর্ক থাকা দরকার। প্রোডাক্ট স্কিমা প্রোফাইল বাদ দেওয়া হয়েছে, এখন সব পণ্যের জন্য সার্চ ইঞ্জিনে একই ধরনের ডেটা যাবে। আপডেট করলে আগে সংরক্ষণ করা প্রোফাইল মুছে যাবে। তাই যাঁরা প্রোফাইল ব্যবহার করেন, আপডেটের আগে নিজেদের সেটআপ লিখে রাখতে বলেছে কারকি।

প্লাগিনটি সম্পর্কে

Kirki eCommerce প্রথম ওয়ার্ডপ্রেস ডট অর্গে আসে ৪ নভেম্বর (আইটিবাংলার আগের প্রতিবেদন)। প্রোডাক্ট, ইনভেন্টরি, অর্ডার, কুপন, শিপিং, ট্যাক্স ও একাধিক মুদ্রার ব্যবস্থা এতে আছে, WooCommerce থেকে স্টোর সরিয়ে আনার টুলও আছে। ওয়ার্ডপ্রেস ডট অর্গের প্লাগিন পেজে বলা হয়েছে, এর সব ফিচার বিনামূল্যে, কোনো প্রিমিয়াম সংস্করণ বা পেইড আপগ্রেড নেই। এটি চালাতে কারকি ওয়েবসাইট বিল্ডার লাগে না, আলাদাভাবেই কাজ করে। ন্যূনতম WordPress 6.8 ও PHP 7.4 প্রয়োজন।

কারকি নিজে ওয়ার্ডপ্রেসের একটি নো-কোড ওয়েবসাইট বিল্ডার। ওলিওর ওয়েবসাইট অনুযায়ী, এটি চালু হয় ২০২৩ সালে। অনলাইন কোর্স বিক্রির প্লাগিন টিউটর এলএমএসও থিমিয়ামের তৈরি।

বিকাশ ব্র্যাক ব্যাংকের সহযোগী মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান। এসএসএলকমার্জ হলো এসএসএল ওয়্যারলেসের পেমেন্ট গেটওয়ে, যার বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম অপারেটর (পিএসও) লাইসেন্স রয়েছে। প্রতিষ্ঠানটির ওয়েবসাইট অনুযায়ী, একটি ইন্টিগ্রেশনেই ডেবিট-ক্রেডিট কার্ড, মোবাইল ব্যাংকিং ও ইন্টারনেট ব্যাংকিংয়ে পেমেন্ট নেওয়া যায়।

কারকি জানিয়েছে, স্বয়ংক্রিয় আপডেট সবার ড্যাশবোর্ডে পৌঁছাতে ২৪ ঘণ্টা পর্যন্ত লাগতে পারে। চাইলে এখনই ম্যানুয়ালি আপডেট করে নেওয়া যায়।

তথ্যসূত্র

  • কাওসার আহমেদের ফেসবুক পোস্ট, ১১ নভেম্বর ২০২৬, রাত ৮টা ২৪ মিনিট (বাংলাদেশ সময়): facebook.com/100001772544734/posts/28925387043770329
  • কারকি ব্লগ, “Kirki eCommerce Brings New Payment Options, Currency-Aware Checkout, & More”, ১১ নভেম্বর ২০২৬, বিকেল ৪টা ৫৩ মিনিট (বাংলাদেশ সময়): kirki.com/blog/kirki-ecommerce-v1-0-1
  • ওয়ার্ডপ্রেস ডট অর্গ, Kirki eCommerce প্লাগিন পেজ ও চেঞ্জলগ (১.০.১, ১১ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৭টা ১ মিনিটে হালনাগাদ, বাংলাদেশ সময়): wordpress.org/plugins/kirki-ecommerce
  • থিমিয়াম, “About”: themeum.com/about; ওলিও, “About Us”: ollyo.com/about
  • এসএসএলকমার্জ: sslcommerz.com

ফিচার ছবি: আইটিবাংলা গ্রাফিক্স (লোগো: কারকি, বিকাশ, এসএসএলকমার্জ)।

সূত্র: https://itbangla.media/tech/4d5oteutpb/
© 2026 IT Bangla Media
যাচাই ও মূল লেখা পড়তে স্ক্যান করুন