মেটার ‘মিউজ স্পার্ক ওপেন’: ম্যাক স্টুডিওতেই চলবে ৮১৬ বিলিয়ন প্যারামিটারের এআই
অ্যাপলের সঙ্গে যৌথভাবে কাজ করে নিজেদের সবচেয়ে শক্তিশালী ওপেন-সোর্স এআই মডেল এনেছে মেটা, যা ক্লাউড ছাড়াই ডেস্কটপ কম্পিউটারে চালানো যায়।
নিজেদের এখন পর্যন্ত সবচেয়ে সক্ষম ওপেন-সোর্স কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল ‘মিউজ স্পার্ক ওপেন’ প্রকাশ করেছে মেটা। প্রতিষ্ঠানটির দাবি, যুক্তরাষ্ট্রে তৈরি ওপেন-সোর্স মডেলগুলোর মধ্যে পারফরম্যান্সে এটিই এগিয়ে। সবচেয়ে বড় চমক হলো, ক্লাউড সার্ভারের ওপর নির্ভর না করে মডেলটি ব্যবহারকারীর নিজের কম্পিউটারেই চালানো যায়।
প্রতিদ্বন্দ্বী অ্যাপলের সঙ্গে যৌথ কাজ
অ্যাপলের মেশিন লার্নিং ফ্রেমওয়ার্ক ‘এমএলএক্স’ ব্যবহার করে এম৫ আল্ট্রা চিপের দুটি ম্যাক স্টুডিও একসঙ্গে যুক্ত করলে মডেলটি চালানো সম্ভব। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী এই দুই প্রতিষ্ঠান কয়েক মাস ধরে বিষয়টি নিয়ে একসঙ্গে কাজ করেছে।
উন্মোচনের পর মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ এক্সে অ্যাপলের সিইও জন টার্নাস ও তাঁর দলকে কৃতিত্ব দেন। জবাবে টার্নাস বলেন, এত বড় মডেল ডেস্কটপে দক্ষভাবে চলতে পারা দেখায় যে অন-ডিভাইস এআই দ্রুত এগিয়ে যাচ্ছে। দুই প্রতিষ্ঠানের এই নতুন সখ্য নিয়ে রসিকতা করেছেন মেটার প্রধান এআই কর্মকর্তা আলেকজান্ডার ওয়াং। অ্যাক্সিওসকে তিনি বলেন, ‘মা-বাবা’ আবার একে অপরের সঙ্গে ভালো ব্যবহার করছেন দেখে তাঁরা উচ্ছ্বসিত।
কী করতে পারে মডেলটি
মেটার তথ্য অনুযায়ী, মিউজ স্পার্ক ওপেন একটি ‘নেটিভলি মাল্টিমোডাল’ মডেল, অর্থাৎ শুরু থেকেই এটি লেখার পাশাপাশি অন্যান্য ধরনের ইনপুট বোঝার জন্য তৈরি। মডেলটিতে মোট ৮১৬ বিলিয়ন প্যারামিটার রয়েছে। দীর্ঘ সময় ধরে চলা কাজ, জটিল সফটওয়্যার প্রকৌশল এবং ধাপে ধাপে যুক্তি বিশ্লেষণে এটি উল্লেখযোগ্য ফল দেখিয়েছে বলে দাবি কোম্পানির।
একই সময়ে এমএলএক্স নিয়ে নতুন তথ্য প্রকাশ করেছে অ্যাপল। অ্যাপল সিলিকন প্রসেসরের জন্য তৈরি এই ফ্রেমওয়ার্কের মাধ্যমে মিউজ স্পার্ক ওপেনসহ আরও দুটি উন্মুক্ত এআই মডেল অ্যাপলের ডিভাইসে চালানো যাবে।
কেন গুরুত্বপূর্ণ
এত বড় মডেল নিজের হার্ডওয়্যারে চালাতে পারা মানে তথ্য বাইরের সার্ভারে না পাঠিয়েই উন্নত এআই ব্যবহার করা। সংবেদনশীল তথ্য নিয়ে কাজ করা প্রতিষ্ঠান, গবেষক ও ডেভেলপারদের জন্য এটি বড় সুবিধা। তবে দুটি উচ্চক্ষমতার ম্যাক স্টুডিওর প্রয়োজন হওয়ায় আপাতত এই সুযোগ মূলত পেশাদার ব্যবহারকারীদের নাগালেই থাকছে।