৯০ মিনিটের আড়াআড়ি ভিডিও ‘ফিচার্স’ পরীক্ষা করছে ইনস্টাগ্রাম
পডকাস্ট, শো ও দীর্ঘ কনটেন্টের জন্য ‘ফিচার্স’ নামে হরাইজন্টাল ভিডিও ফরম্যাট পরীক্ষা করছে ইনস্টাগ্রাম; ব্রাজিলের পর যুক্তরাষ্ট্রে ছোট পরিসরে শুরু, টিভি অ্যাপেও অগ্রাধিকার।
ছোট ভিডিওর জন্য পরিচিত ইনস্টাগ্রাম এবার দীর্ঘ ভিডিওর দিকেও এগোচ্ছে। ‘ফিচার্স’ (Features) নামে নতুন একটি ফরম্যাট পরীক্ষা করছে মেটার মালিকানাধীন প্ল্যাটফর্মটি, যেখানে ক্রিয়েটররা আড়াআড়ি বা হরাইজন্টাল ভিডিও পোস্ট করতে পারবেন। পরীক্ষার কোনো কোনো ক্ষেত্রে ভিডিওর দৈর্ঘ্য সর্বোচ্চ ৯০ মিনিট পর্যন্ত রাখা যাচ্ছে।
ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি ও প্রোডাক্ট বিভাগের ভাইস প্রেসিডেন্ট টেসা লায়ন্স যুক্তরাষ্ট্র সময় ২৬ অক্টোবর সোমবার ইনস্টাগ্রামেই প্রকাশিত এক ভিডিওতে এ উদ্যোগের কথা জানান। প্রতিষ্ঠানটির মুখপাত্র মেগান বাকলি The Verge-কে বলেছেন, ব্রাজিলে কিছু ক্রিয়েটরের সঙ্গে আগে থেকেই পরীক্ষা চলছিল; এখন যুক্তরাষ্ট্রেও ছোট পরিসরে তা শুরু হয়েছে।

রিলস থেকে পুরো ভিডিওতে
ফিচার্সের লক্ষ্য মূলত পডকাস্ট, ভ্লগ, সাক্ষাৎকার, কমেডি শো বা পর্বভিত্তিক কনটেন্টের মতো দীর্ঘ ভিডিও। ইনস্টাগ্রামের ভাষ্য অনুযায়ী, এসব ভিডিও ব্যবহারকারীর ফিড ও এক্সপ্লোর পাতায় দেখা যাবে। এর সঙ্গে ‘ক্লিপস অ্যাজ রিলস’ নামে আরেকটি পরীক্ষাও যুক্তরাষ্ট্রে সম্প্রসারিত হচ্ছে, যেখানে একটি দীর্ঘ ভিডিওর সঙ্গে সর্বোচ্চ আটটি রিলস ক্লিপ যুক্ত করা যাবে। দর্শক ছোট ক্লিপ দেখে সেখান থেকেই অ্যাপ না ছেড়ে পুরো ভিডিওতে যেতে পারবেন।
The Verge-এর প্রতিবেদন অনুযায়ী, মোসেরি নিজেই দীর্ঘদিন ইনস্টাগ্রামে লং-ফর্ম ভিডিওর বিপক্ষে ছিলেন। তাঁর আশঙ্কা ছিল, দীর্ঘ ভিডিও দেখায় বেশি সময় গেলে বন্ধুদের সঙ্গে কনটেন্ট শেয়ার ও যোগাযোগ কমে যেতে পারে। এখন তিনি বলছেন, ছোট ও দীর্ঘ ভিডিওকে পরস্পরের পরিপূরক করে তোলাই লক্ষ্য; যেমন একটি পডকাস্ট পুরো পর্ব হিসেবেও থাকবে, আবার ছোট ক্লিপে ভাগ হয়ে নতুন দর্শকের কাছেও পৌঁছাবে।
টিভিতেও জোর
ইনস্টাগ্রামের টিভি অ্যাপেও ফিচার্সকে গুরুত্ব দেওয়া হবে বলে জানানো হয়েছে। Variety-র প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রে Samsung, Amazon Fire TV ও Google TV-তে থাকা ‘Instagram for TV’ এখন Apple TV-তেও এসেছে। এ ছাড়া ফোনকে রিমোট হিসেবে ব্যবহার করা এবং মোবাইলে সেভ করা ফিচার্স বা সিরিজ পরে টিভিতে দেখার সুবিধাও শিগগির আসছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। ক্রিয়েটরদের পর্বভিত্তিক রিলস প্রোফাইলে আলাদা করে সাজানোর ‘সিরিজ’ সুবিধাও বছরের শেষ নাগাদ আরও দেশে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
আয় ভাগাভাগি এখনো নেই
দীর্ঘ ভিডিওর এই উদ্যোগকে ইউটিউবের সঙ্গে প্রতিযোগিতার অংশ হিসেবেই দেখছে আন্তর্জাতিক প্রযুক্তি গণমাধ্যম। তবে ইউটিউবের মতো বিজ্ঞাপন আয়ের ভাগ ক্রিয়েটরদের দেওয়ার কোনো কর্মসূচি এখনই ঘোষণা করেনি ইনস্টাগ্রাম। Variety-কে প্রতিষ্ঠানটির এক প্রতিনিধি বলেছেন, আপাতত কিছু ক্রিয়েটরকে সরাসরি অর্থায়ন করা হচ্ছে, তবে দীর্ঘমেয়াদি আয়ের মডেল নিয়ে কথা বলার সময় এখনো আসেনি।
সাধারণ ব্যবহারকারীদের জন্য ফিচার্স কবে চালু হবে, সে বিষয়ে ইনস্টাগ্রাম আনুষ্ঠানিক কোনো সময়সীমা জানায়নি। বাংলাদেশসহ অন্য দেশে এটি কবে আসবে, তা-ও স্পষ্ট নয়।
তথ্যসূত্র