WHMCS থেকে পুরো ডেটা সরাতে মাইগ্রেটর আনল ফ্লাইবিল
হোস্টিং বিলিং সফটওয়্যার ফ্লাইবিলের নতুন টুলে WHMCS-এর ক্লায়েন্ট, ডোমেইন, ইনভয়েস ও টিকিট স্থানান্তর হবে বলে দাবি।
হোস্টিং ব্যবসার বিলিং ও ক্লায়েন্ট ব্যবস্থাপনার সফটওয়্যার ফ্লাইবিল (FlyBill) একটি WHMCS মাইগ্রেটর টুল এনেছে। এর মাধ্যমে WHMCS-এ চলা পুরো বিলিং সিস্টেম কোনো ডেটা না হারিয়েই ফ্লাইবিলে সরিয়ে নেওয়া যাবে বলে দাবি করা হয়েছে। ফেসবুকে এক পোস্টে টুলটির কথা জানিয়েছেন মাহমুদুল হাসান।

পোস্টে বলা হয়েছে, ক্লায়েন্ট, অর্ডার ও সার্ভিস, ডোমেইন, ইনভয়েস ও পেমেন্ট এবং সাপোর্ট টিকিট ধাপে ধাপে স্থানান্তর হবে। শেষে প্রতিটি হিসাব মূল WHMCS ডেটার সঙ্গে মিলিয়ে দেখা হবে এবং তা একটি রিপোর্টে যাচাই করা থাকবে।
নিরাপত্তা নিয়েও কয়েকটি বিষয় তুলে ধরা হয়েছে। পোস্ট অনুযায়ী, পাসওয়ার্ড সংরক্ষণ করা হয় bcrypt দিয়ে। WHMCS-এর পুরোনো MD5 পাসওয়ার্ড ক্লায়েন্টের পরবর্তী লগইনের সময় স্বয়ংক্রিয়ভাবে হালনাগাদ হয়। পেমেন্ট গেটওয়ে কি, ডোমেইন রেজিস্ট্রারের এপিআই কি এবং WHM টোকেন AES-256-GCM দিয়ে এনক্রিপ্ট করে রাখা হয়। মাইগ্রেশনের সময় WHMCS-এর প্রতিটি এনক্রিপ্ট করা তথ্য নতুন করে এনক্রিপ্ট করা হয়।
এ ছাড়া যেকোনো অথেনটিকেটর অ্যাপের সঙ্গে চলা টু-ফ্যাক্টর অথেনটিকেশন এবং বারবার ভুল পাসওয়ার্ড দিয়ে ঢোকার চেষ্টা আটকাতে সাইন-ইনের সীমা বেঁধে দেওয়ার ব্যবস্থাও রয়েছে বলে জানানো হয়েছে। দাম বা কবে থেকে টুলটি পাওয়া যাবে, পোস্টে সে বিষয়ে কিছু বলা হয়নি।











মন্তব্য