মেট্রোভিপিএসে ব্রাউজার থেকেই সার্ভারে এসএসএইচ, লাগবে না আলাদা সফটওয়্যার
আলাদা এসএসএইচ সফটওয়্যার ইনস্টল না করেই ব্রাউজার থেকে সরাসরি নিজের ভিপিএসে যুক্ত হওয়ার সুবিধা চালু করেছে মেট্রোভিপিএস।
আমাদের প্রতিবেদক
দেশি ক্লাউড ও ভিপিএস সেবাদাতা মেট্রোভিপিএস তাদের গ্রাহকদের জন্য ‘ব্রাউজার এসএসএইচ’ সুবিধা চালু করেছে। এর ফলে আলাদা কোনো এসএসএইচ সফটওয়্যার ইনস্টল না করেই ওয়েব ব্রাউজার থেকে সরাসরি নিজের ভার্চুয়াল প্রাইভেট সার্ভারে (ভিপিএস) যুক্ত হওয়া যাবে।
৩০ অক্টোবর মেট্রোভিপিএসের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সুবিধাটির কথা জানানো হয়। প্রতিষ্ঠানটি বলছে, আধুনিক ওয়েব ব্রাউজার আছে এমন যেকোনো ডিভাইস থেকে, যেকোনো জায়গা থেকে সার্ভারে প্রবেশ করা যাবে। ব্যবহার করতে মেট্রোভিপিএস ড্যাশবোর্ডে লগইন করে ‘My Services’ থেকে ‘Server Control’ অংশে গিয়ে ‘Browser SSH’ বেছে নিতে হবে।

পাসওয়ার্ড ও কি সংরক্ষণ
পোস্টে জানানো হয়, ব্যবহারকারী চাইলে নিজের এসএসএইচ পাসওয়ার্ড বা প্রাইভেট কি একটি পাসফ্রেজ দিয়ে সংরক্ষণ করে রাখতে পারবেন, যাতে প্রতিবার নতুন করে দিতে না হয়। সংরক্ষিত তথ্য এসক্রিপ্ট (scrypt) ও এইএস-২৫৬-জিসিএম পদ্ধতিতে এনক্রিপ্ট করা হয়।
মেট্রোভিপিএসের দাবি, তারা ব্যবহারকারীর পাসফ্রেজ বা তা থেকে তৈরি এনক্রিপশন কি কোনোটিই সংরক্ষণ করে না। ফলে পাসফ্রেজ ছাড়া প্রতিষ্ঠানের কর্মীরাও সংরক্ষিত তথ্য ডিক্রিপ্ট করতে পারবেন না। এর আরেকটি দিক হলো, পাসফ্রেজ হারিয়ে গেলে সংরক্ষিত তথ্য আর পুনরুদ্ধার করা যাবে না। সে ক্ষেত্রে নতুন ক্রেডেনশিয়াল দিয়ে সংযোগ করা যাবে অথবা আগের সংরক্ষিত তথ্য মুছে ফেলা যাবে।
কাদের কাজে লাগবে
সাধারণত ভিপিএসে প্রবেশ করতে কম্পিউটারে টার্মিনাল বা আলাদা এসএসএইচ ক্লায়েন্ট লাগে। যে ডিভাইসে এমন সফটওয়্যার নেই, কিংবা জরুরি প্রয়োজনে অন্য কোনো কম্পিউটার বা মোবাইল থেকে সার্ভারে কাজ করতে হলে ব্রাউজারভিত্তিক এই সুবিধা কাজে আসতে পারে।
মেট্রোভিপিএসের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, এটি ফ্লেয়ারজেন লিমিটেডের একটি ব্র্যান্ড। প্রতিষ্ঠানটি ভিপিএস, বেয়ার মেটাল সার্ভার, শেয়ার্ড হোস্টিং ও কোলোকেশনসহ বিভিন্ন সেবা দেয়। এর আগে চলতি মাসেই প্রতিষ্ঠানটি অ্যাকাউন্টে পাসকি দিয়ে সাইন ইনের সুবিধা চালুর কথা জানিয়েছিল।











মন্তব্য