জেডকেটেকোর বৈশ্বিক সম্মেলনে ‘প্রিমিয়ার রিবেট অ্যাচিভার অ্যাওয়ার্ড’ পেল স্মার্ট টেকনোলজিস
২০২৫ সালে জেডকেটেকোর সঙ্গে ব্যবসায়িক সাফল্যের স্বীকৃতি হিসেবে চীনে অনুষ্ঠিত সম্মেলনের সমাপনী দিনে এ সম্মাননা দেওয়া হয়।
সংগৃহীত
নিরাপত্তা ও অটোমেশন প্রযুক্তিপণ্য নির্মাতা জেডকেটেকোর (ZKTeco) বৈশ্বিক সম্মেলনে ‘প্রিমিয়ার রিবেট অ্যাচিভার অ্যাওয়ার্ড’ পেয়েছে দেশের আইসিটি পণ্য ও সেবা বিতরণকারী প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। ২০২৫ সালে জেডকেটেকোর সঙ্গে ব্যবসায়িক সাফল্য ও ধারাবাহিক অবদানের স্বীকৃতি হিসেবে এ সম্মাননা দেওয়া হয়েছে বলে প্রতিষ্ঠানটি জানিয়েছে। ১ নভেম্বর স্মার্ট টেকনোলজিসের ফেসবুক পেজে দেওয়া পোস্টে এ তথ্য জানানো হয়।

প্রতিষ্ঠানটির ভাষ্য অনুযায়ী, চীনের শেনজেন অঞ্চলে তিন দিনের ‘জেডকেটেকো গ্লোবাল কনফারেন্স’ অনুষ্ঠিত হয়, যার আয়োজনস্থল ছিল মিশন হিলস রিসোর্ট। ৩১ অক্টোবর সম্মেলনের সমাপনী দিনে পুরস্কারটি দেওয়া হয়। সম্মেলনে আন্তর্জাতিক ব্যবসায়িক অংশীদারদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, ব্যবসার সম্ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
স্মার্ট টেকনোলজিসের পক্ষে সম্মাননা গ্রহণ করেন প্রতিষ্ঠানটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এস এম মহিবুল হাসান। এ সময় প্রতিষ্ঠানটির জেডকেটেকো প্রোডাক্ট ম্যানেজার মো. নুরুন্নবী উপস্থিত ছিলেন। জেডকেটেকোর পক্ষে ছিলেন প্রতিষ্ঠানটির এশিয়া বিজনেস ইউনিটের জেনারেল ম্যানেজার ক্লাউড চে।
পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়ায় এস এম মহিবুল হাসান বলেন, জেডকেটেকোর সঙ্গে দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পর্ক, পারস্পরিক আস্থা ও সহযোগিতার ফলেই এ অর্জন সম্ভব হয়েছে। সামনেও প্রতিষ্ঠানটির সঙ্গে সম্পর্ক আরও জোরদার করে দেশের বাজারে প্রযুক্তিনির্ভর নিরাপত্তা ও অটোমেশন সমাধান পৌঁছে দিতে কাজ করার কথা জানান তিনি।
জেডকেটেকো মূলত বায়োমেট্রিক হাজিরা, প্রবেশ নিয়ন্ত্রণ (অ্যাকসেস কন্ট্রোল) ও নিরাপত্তা পরিদর্শন যন্ত্রসহ বিভিন্ন নিরাপত্তা প্রযুক্তিপণ্য তৈরি করে। বাংলাদেশে প্রতিষ্ঠানটির পণ্য বিতরণ করে স্মার্ট টেকনোলজিস।
- স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড: প্রতিষ্ঠানটির ফেসবুক পোস্ট











মন্তব্য