৯৯০ লাখ ডলারে Shop.com কিনল শপিফাই, ডোমেইন বিক্রিতে নতুন রেকর্ড
শপিফাইয়ের আর্থিক প্রতিবেদনে ৯ কোটি ৯০ লাখ ডলারের ব্যয় Shop.com কেনার সঙ্গে মিলেছে; প্রকাশ্যে জানা সবচেয়ে দামি ডোমেইন বিক্রি এটি।
বিশ্বের অন্যতম বড় ই-কমার্স প্ল্যাটফর্ম শপিফাই Shop.com ডোমেইনটি কিনতে ৯ কোটি ৯০ লাখ ডলার (প্রায় ১ হাজার ২০০ কোটি টাকা) খরচ করেছে বলে ধারণা করা হচ্ছে। প্রকাশ্যে জানা ডোমেইন বিক্রির ইতিহাসে এটিই সবচেয়ে বড় অঙ্ক বলে ডোমেইন শিল্পের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।
গত সেপ্টেম্বরের শেষ দিকে ডোমেইনটি কেনার খবর জানানো হলেও দাম প্রকাশ করা হয়নি। ৩ নভেম্বর শপিফাই সেপ্টেম্বরে শেষ হওয়া প্রান্তিকের আর্থিক ফলাফল ও ১০-কিউ প্রতিবেদন প্রকাশ করে। সেখানে ওই প্রান্তিকে ‘অদৃশ্যমান সম্পদ’ (ইনট্যাঞ্জিবল অ্যাসেট) কেনায় ৯ কোটি ৯০ লাখ ডলার ব্যয়ের হিসাব দেখানো হয়, যা আগের বছরের একই সময়ে ছিল শূন্য। ডোমেইন গবেষক জর্জ কিরিকোস প্রথম এই অঙ্কটি Shop.com কেনার সঙ্গে মিলিয়ে দেখান। তবে প্রতিবেদনে সরাসরি Shop.com-এর নাম উল্লেখ নেই।
এর আগে ডোমেইন ব্রোকার অ্যান্ড্রু রোজেনার দাবি করেছিলেন, ডোমেইনটি প্রায় ১০ কোটি ডলারে বিক্রি হয়েছে। ডোমেইন নেম ওয়্যার ও ডিএন জার্নালের মতে, এই দামে Shop.com আগের রেকর্ডধারী AI.com-এর ৭ কোটি ডলারকে ছাড়িয়ে গেছে।
হুইস রেকর্ড অনুযায়ী, Shop.com প্রথম নিবন্ধিত হয় ১৯৯৪ সালের ২ জুন। ডোমেইন বিক্রির তথ্যভান্ডার ডিএনপ্রাইসেসের হিসাবে, ২০০৩ সালে এটি ব্যক্তিগতভাবে ৩৫ লাখ ডলারে বিক্রি হয়েছিল। ২০১১ সালে ডোমেইনটি কিনে নেয় যুক্তরাষ্ট্রের ডিরেক্ট সেলিং প্রতিষ্ঠান মার্কেট আমেরিকা, যারা প্রায় ১৫ বছর এটিকে অনলাইন কেনাকাটার প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করেছে। ২৮ সেপ্টেম্বর প্রতিষ্ঠানটি শপিফাইয়ের কাছে বিক্রি সম্পন্ন হওয়ার ঘোষণা দেয় এবং নিজেদের কার্যক্রম MarketAmerica.com-এ সরিয়ে নেয়।
ডোমেইনটি হাতে পাওয়ার পর শপিফাই তাদের শপিং অ্যাপ ‘শপ’-এর ওয়েব সংস্করণ shop.app থেকে shop.com-এ সরিয়ে এনেছে। শপিফাইয়ের চেঞ্জলগ অনুযায়ী, পুরোনো shop.app লিংকগুলো স্বয়ংক্রিয়ভাবে shop.com-এ চলে যাচ্ছে এবং মার্চেন্টদের স্টোর বা সেটিংসে কোনো পরিবর্তন লাগবে না।











মন্তব্য