চুপচাপ বেড়ে ওঠা ফুডি: মাসে প্রায় ১০ লাখ অর্ডার, সেবা ২৭ জেলায়
দেশীয় ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডির বেড়ে ওঠা নিয়ে রিল প্রকাশ করেছেন রাশেদ রিয়ন। প্রতিবেদন অনুযায়ী, ২৭ জেলায় মাসে প্রায় ৯-১০ লাখ অর্ডার সম্পন্ন করে প্ল্যাটফর্মটি।
আমাদের প্রতিবেদক
দেশীয় ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডির (Foodi) বেড়ে ওঠা নিয়ে একটি ভিডিও রিল প্রকাশ করেছেন কনটেন্ট ক্রিয়েটর রাশেদ রিয়ন। ‘Startup Files’ সিরিজের তৃতীয় পর্বের এই রিলটি ৫ নভেম্বর ফেসবুকে প্রকাশের পর রাত পর্যন্ত ১২ হাজারের বেশিবার দেখা হয়েছে।
রিলের ক্যাপশনে তিনি লেখেন, দুই বছর ধরে চুপচাপ প্রস্তুতি নিয়েছে ফুডি; লঞ্চের আগে বেশির ভাগ মানুষ নামটাই শোনেনি। এখন প্ল্যাটফর্মটি মাসে প্রায় ১০ লাখ অর্ডার ডেলিভারি দিচ্ছে, সেবা দিচ্ছে ২৭টি জেলায়। রেস্তোরাঁ মালিকদের ভাষ্য অনুযায়ী ফুডির কমিশন ১৫ শতাংশ। তাঁর মতে, Foodpanda এখনো শীর্ষে থাকলেও দেশজুড়ে চিত্র বদলাচ্ছে।
অন্য প্রতিবেদনে যা এসেছে
রিলের এই তথ্যগুলোর সঙ্গে গণমাধ্যমের প্রতিবেদনেরও মিল আছে। দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের এক প্রতিবেদন অনুযায়ী, ফুডির প্রস্তুতি শুরু হয় ২০২২ সালের শুরুতে, আনুষ্ঠানিক যাত্রা ২০২৪ সালের জুনে। এখন ২৭ জেলায় কাজ করা প্ল্যাটফর্মটি মাসে প্রায় ৯ থেকে ১০ লাখ অর্ডার সম্পন্ন করে; নিবন্ধিত রাইডার ১০,৫০০ জনের বেশি। শুরুতে পুরো দেশে না গিয়ে ঢাকার নির্দিষ্ট এলাকায় ‘zonewise’ পদ্ধতিতে সেবা চালু করেছিল তারা।
কমিশনের বিষয়টিও এসেছে চট্টগ্রামের রেস্তোরাঁ মালিকদের সাম্প্রতিক আন্দোলনে। দ্য ডেইলি স্টারের অক্টোবরের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির চট্টগ্রাম মহানগর শাখা Foodpanda-র কাছে ১৫ শতাংশ সর্বমোট কমিশনসহ ছয় দফা দাবি জানায়। বিকল্প হিসেবে তারা ফুডির উদাহরণ দিয়ে দাবি করে, প্ল্যাটফর্মটি লুকানো চার্জ ছাড়া ১৫ শতাংশ কমিশন নেয় এবং সাপ্তাহিক পেমেন্ট দেয়। Foodpanda তখন এক বিবৃতিতে জানায়, ব্যবসার ধরন ও পারফরম্যান্সভেদে কমিশন আলাদা হয়, তাই সবার জন্য একটি নির্দিষ্ট হার সম্ভব নয়।











মন্তব্য