বিজনেস গ্লোবালাইজারে বিজনেস অ্যানালিস্ট নিয়োগ, বেতন সর্বোচ্চ ৩৫ হাজার টাকা
গবেষণা ও সেবা উন্নয়নের কাজে অভিজ্ঞ বিজনেস অ্যানালিস্ট খুঁজছে বিজনেস গ্লোবালাইজার। কর্মস্থল ঢাকার মিরপুর ডিওএইচএস।
আমাদের প্রতিবেদক
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও সংযুক্ত আরব আমিরাতে কোম্পানি গঠনসহ বিভিন্ন সেবা দেওয়া প্রতিষ্ঠান বিজনেস গ্লোবালাইজার ‘বিজনেস অ্যানালিস্ট (রিসার্চ অ্যান্ড সার্ভিস ডেভেলপমেন্ট)’ পদে লোক নিয়োগ দেবে। পদটি প্রতিষ্ঠানটির ব্র্যান্ড অ্যান্ড প্রমোশন বিভাগের। কর্মস্থল ঢাকার মিরপুর ডিওএইচএস। অভিজ্ঞতা অনুযায়ী মাসিক বেতন সর্বোচ্চ ৩৫ হাজার টাকা।
সম্প্রতি ফেসবুকের ‘ডেটা সায়েন্স কমিউনিটি – বাংলাদেশ’ গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়। এতে বলা হয়েছে, গবেষণানির্ভর একজন বিজনেস অ্যানালিস্ট খোঁজা হচ্ছে, যিনি প্রবৃদ্ধির সুযোগ খুঁজে বের করবেন, কাজের প্রক্রিয়া উন্নত করবেন, নতুন সেবা তৈরি করবেন এবং ধারণাকে বাস্তবসম্মত সমাধানে রূপ দেবেন।

দায়িত্ব
- বাজার, প্রতিযোগী, খাত ও ব্যবসা নিয়ে গবেষণা
- নতুন সেবা, পণ্য ও ব্যবসার সুযোগ নিয়ে গবেষণা ও উন্নয়ন
- বর্তমান কার্যক্রম বিশ্লেষণ করে উন্নতির জায়গা চিহ্নিত করা
- সেবার মান ও কাজের দক্ষতা বাড়ানোর কৌশল তৈরি
- এআই টুল, অটোমেশন ও প্রযুক্তিনির্ভর সমাধান খতিয়ে দেখা
- প্রক্রিয়া উন্নয়ন এবং এসওপি তৈরি ও বাস্তবায়নে সহায়তা
- বিভিন্ন বিভাগের সঙ্গে সমন্বয় করে উন্নয়ন উদ্যোগ বাস্তবায়ন
- গবেষণা প্রতিবেদন, সম্ভাব্যতা বিশ্লেষণ ও করণীয় সুপারিশ তৈরি
যোগ্যতা ও দক্ষতা
গবেষণা, বিশ্লেষণ ও সমস্যা সমাধানে দক্ষতা থাকতে হবে। ইংরেজিতে যোগাযোগ ও ডকুমেন্টেশনে ভালো হতে হবে। ব্যবসার কার্যক্রম ও সেবা উন্নয়ন সম্পর্কে ভালো ধারণা এবং গুগল ওয়ার্কস্পেস, এমএস অফিস ও গবেষণার টুল ব্যবহারে দক্ষতা প্রয়োজন। প্রার্থীকে প্রযুক্তিতে স্বচ্ছন্দ, উদ্যোগী ও স্বাধীনভাবে কাজ করতে সক্ষম হতে হবে।
ব্যবসা নিয়ে গবেষণা, বিশ্লেষণ বা উন্নয়নে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে। এআই, অটোমেশন বা ডিজিটাল ব্যবসার টুল সম্পর্কে জানা থাকলে বাড়তি সুবিধা। নতুনেরা আবেদন করতে পারবেন কি না, পোস্টের মন্তব্যে এমন প্রশ্নের জবাবে বিজ্ঞপ্তিদাতা জানান, প্রাসঙ্গিক অভিজ্ঞতা আছে এমন প্রার্থীই খোঁজা হচ্ছে।
সুযোগ-সুবিধা
বছরে দুটি উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, চিকিৎসা ভাতা, অর্ধেক ভর্তুকিতে দুপুরের খাবার, নাশতা ও চা এবং পালাক্রমে সাপ্তাহিক ছুটি। এ ছাড়া রয়েছে বার্ষিক অফিস ট্যুর ও ডে-আউটিং এবং প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা।
যেভাবে আবেদন
আগ্রহী প্রার্থীদের [email protected] ঠিকানায় সিভি পাঠাতে হবে। ইমেইলের বিষয়ের ঘরে পদের নাম ‘Business Analyst’ লিখতে হবে। শুধু সংক্ষিপ্ত তালিকায় থাকা প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। বিজ্ঞপ্তিতে আবেদনের শেষ তারিখ উল্লেখ করা হয়নি।











মন্তব্য