সিপ্যানেলের ইজিঅ্যাপাচি ৪-এ পিএইচপি, কার্ল ও এনজিনএক্সের নিরাপত্তা হালনাগাদ
পিএইচপি২শেলসহ পিএইচপির দুই সংকটপূর্ণ ত্রুটি, লাইবকার্লের ১৪টি ত্রুটি এবং এনজিনএক্স, মডসিকিউরিটি ও ব্রটলির ত্রুটি সারিয়ে ইজিঅ্যাপাচি ৪-এর নতুন সংস্করণ এনেছে সিপ্যানেল।
ওয়েব হোস্টিং কন্ট্রোল প্যানেল সিপ্যানেল তাদের সার্ভারের ওয়েব স্ট্যাক ব্যবস্থাপনা টুল ইজিঅ্যাপাচি ৪-এ (EasyApache 4) একের পর এক নিরাপত্তা হালনাগাদ এনেছে। অক্টোবরের শেষ দুই সপ্তাহে প্রকাশিত ২৫.৯১, ২৫.৯২ ও ২৫.৯৩ সংস্করণে পিএইচপি, কার্ল, এনজিনএক্স, মডসিকিউরিটি, নোড.জেএস ও ব্রটলিসহ বেশ কিছু উপাদানের ত্রুটি সারানো হয়েছে। প্রতিষ্ঠানটির অফিশিয়াল ফেসবুক পেজ ও চেঞ্জলগে এসব তথ্য জানানো হয়েছে।

পিএইচপির দুই সংকটপূর্ণ ত্রুটির সমাধান
সিপ্যানেলের চেঞ্জলগ অনুযায়ী, ২১ অক্টোবর প্রকাশিত ২৫.৯১ সংস্করণের মূল অংশ পিএইচপির দুটি সংকটপূর্ণ মাত্রার ত্রুটি (CVE-2026-109618 ও CVE-2026-109619) ঠিক করা। এই ত্রুটি দুটি ‘পিএইচপি২শেল’ নামে পরিচিত, যা নিয়ে আইটিবাংলা আগে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে।
এই সংস্করণে পিএইচপি ৮.২ হালনাগাদ হয়ে ৮.২.৩৫, ৮.৩ হয়ে ৮.৩.৩৬, ৮.৪ হয়ে ৮.৪.২৭ এবং ৮.৫ হয়ে ৮.৫.১২ সংস্করণে উঠেছে। পিএইচপি প্রকল্প যেসব পুরোনো সংস্করণে আর নিয়মিত সহায়তা দেয় না, সেই পিএইচপি ৭.৪, ৮.০ ও ৮.১-এর জন্যও সিপ্যানেল আলাদাভাবে একই সমাধান যুক্ত (ব্যাকপোর্ট) করেছে। ফলে পুরোনো সংস্করণে চলা ওয়েবসাইটের সার্ভারও এই হালনাগাদের আওতায় আসছে।
কার্ল, এনজিনএক্স ও মডসিকিউরিটিতেও সংশোধন
একই সংস্করণে লাইবকার্লের (libcurl) ১৪টি ত্রুটির সমাধান যুক্ত হয়েছে। এর মধ্যে এইচটিটিপি/২ আপলোডের সময় মুক্ত হয়ে যাওয়া মেমোরি ব্যবহারের (ইউজ-আফটার-ফ্রি) একটি ত্রুটিকে উচ্চ মাত্রার ঝুঁকি হিসেবে চিহ্নিত করা হয়েছে, বাকিগুলো নিম্ন মাত্রার।
এ ছাড়া এনজিনএক্স ১.৩১.৭ সংস্করণে চারটি, এনজিনএক্স-এনজেএস ১.০.২ সংস্করণে দুটি এবং ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়াল মডসিকিউরিটি ৩.০.১৭ সংস্করণে সাতটি সিভিই ও একটি গিটহাব নিরাপত্তা পরামর্শের সমাধান রয়েছে। প্যাসেঞ্জার ৬.২.১ ও লাইবজিপ ১.১২.১ সংস্করণে হালনাগাদ এবং কনটেইনারভিত্তিক ওয়েব অ্যাপ্লিকেশন চালানোর টুল ইএ-পডম্যানের কিছু ত্রুটিও সারানো হয়েছে। চেঞ্জলগ অনুযায়ী, কোনো অ্যাকাউন্ট রিস্টোর করার পর কনটেইনারের পোর্ট বদলে গেলে ওয়েবসাইট ৫০৩ ত্রুটি দেখাত, সেটি আর হবে না।
পরের দুই সংস্করণে কী এসেছে
একই দিনে প্রকাশিত ২৫.৯২ সংস্করণে নোড.জেএস ২২ হালনাগাদ হয়ে ২২.২৩.৪ সংস্করণে উঠেছে। এতে টিএলএস সনদের হোস্টনেম যাচাই এড়িয়ে যাওয়াসহ কয়েকটি উচ্চ মাত্রার ত্রুটির সমাধান রয়েছে।
সর্বশেষ ২৮ অক্টোবর প্রকাশিত ২৫.৯৩ সংস্করণে ব্রটলি কমপ্রেশন লাইব্রেরি ১.০.১০ সংস্করণে হালনাগাদ করা হয়েছে। চেঞ্জলগে বলা হয়েছে, আগের সংস্করণের ডিকোডারে থাকা একটি ত্রুটি কাজে লাগিয়ে দূর থেকে ক্ষতিকর কোড চালানো সম্ভব ছিল, যাকে উচ্চ মাত্রার ঝুঁকি ধরা হয়েছে। এই সংস্করণে এনজিনএক্স ১.৩১.৮-এ উঠেছে এবং ভ্যালকি ৭.২-এ হিপ বাফার ওভারফ্লোজনিত একটি উচ্চ মাত্রার ত্রুটিও সারানো হয়েছে।
হোস্টিং প্রতিষ্ঠান ও সার্ভার পরিচালকদের জন্য
ইজিঅ্যাপাচি ৪ দিয়ে সিপ্যানেল সার্ভারে অ্যাপাচি, পিএইচপি ও সংশ্লিষ্ট মডিউল বসানো ও হালনাগাদ করা হয়। দেশের অনেক শেয়ার্ড হোস্টিং ও ভিপিএস সার্ভারেও সিপ্যানেল ব্যবহার হয়। স্বয়ংক্রিয় হালনাগাদ চালু না থাকলে এসব সংশোধন সার্ভারে নিজে থেকে বসবে না। তাই সার্ভারে বসানো প্যাকেজের সংস্করণ মিলিয়ে দেখা এবং প্রয়োজন হলে হালনাগাদ করে নেওয়া জরুরি। সংস্করণভিত্তিক পূর্ণ তালিকা সিপ্যানেলের চেঞ্জলগে পাওয়া যাবে।
- সিপ্যানেল: ইজিঅ্যাপাচি ৪ হালনাগাদ নিয়ে ফেসবুক পোস্ট
- সিপ্যানেল ডকুমেন্টেশন: ইজিঅ্যাপাচি ৪ চেঞ্জলগ (সংস্করণ ২৫)











Comments