প্রায় ৬০ দেশে অস্ট্রেলিয়ার ভিসায় বায়োমেট্রিক, নতুন যুক্ত লাওস, মঙ্গোলিয়া ও ভারত
অস্ট্রেলিয়ার ভিসা আবেদনকারীদের বায়োমেট্রিক সংগ্রহ কর্মসূচি এখন প্রায় ৬০টি দেশে। যোগ্য আবেদনকারীরা ইমি অ্যাপ দিয়েও বায়োমেট্রিক দিতে পারবেন।
আমাদের প্রতিবেদক
অস্ট্রেলিয়ার ভিসা আবেদনকারীদের বায়োমেট্রিক তথ্য সংগ্রহের কর্মসূচি (Biometrics Collection Program) এখন প্রায় ৬০টি দেশে চালু আছে। লাওস, মঙ্গোলিয়া ও ভারতের ভিসা আবেদনকারীদের জন্য সম্প্রতি বায়োমেট্রিক বাধ্যবাধকতা চালুর পর এই সংখ্যায় পৌঁছেছে কর্মসূচিটি।

শুক্রবার (৩০ অক্টোবর) অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র দপ্তর (Department of Home Affairs) তাদের ফেসবুক পেজে এ তথ্য জানায়।
কেন বায়োমেট্রিক
দপ্তরের ভাষ্য, এই সম্প্রসারণ পরিচয় যাচাই আরও শক্তিশালী করবে, জালিয়াতি ঠেকাতে সাহায্য করবে এবং নিরাপদ ও দক্ষ অভিবাসনব্যবস্থায় ভূমিকা রাখবে। সাধারণত বায়োমেট্রিক তথ্য বলতে আঙুলের ছাপ ও মুখের ছবি বোঝানো হয়।
অ্যাপেও দেওয়া যাবে
যোগ্য আবেদনকারীরা ‘অস্ট্রেলিয়ান ইমি অ্যাপ’ (Australian Immi App) ব্যবহার করেও বায়োমেট্রিক শর্ত পূরণ করতে পারবেন। দপ্তর বলছে, এটি নিরাপদ, সুবিধাজনক এবং বিনা খরচের পদ্ধতি।
কোন আবেদনকারীকে বায়োমেট্রিক দিতে হবে, ভিসা আবেদনপ্রক্রিয়ার মধ্যেই দপ্তর সরাসরি তাঁকে জানিয়ে দেবে। কর্মসূচি ও অ্যাপ সম্পর্কে বিস্তারিত পাওয়া যাবে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে।
পোস্টের মন্তব্যে কয়েকজন ভিসাপ্রত্যাশী অন্য বিষয়েও প্রশ্ন তুলেছেন। একজন স্থায়ী বসবাসের (সাবক্লাস ১৯১) আবেদন নিষ্পত্তিতে দীর্ঘ সময় লাগার অভিযোগ করে দ্রুত প্রক্রিয়ার অনুরোধ জানিয়েছেন।
সূত্র: Australian Department of Home Affairs-এর ফেসবুক পোস্ট — https://www.facebook.com/share/p/1NUUyF6KJH/











Comments