মূল বিষয়বস্তুতে যান
বিজ্ঞাপন

লগইন ছাড়া রেডিট পড়ার সুযোগ বন্ধ হচ্ছে, পরীক্ষা শুরু যুক্তরাষ্ট্রের বাইরে

সার্চ থেকে পাঠক কমে যাওয়ার মধ্যে রেডিটকে শুধু লগইনভিত্তিক করার কথা জানিয়েছেন প্রধান নির্বাহী স্টিভ হাফম্যান।

ল্যাপটপের পর্দায় তালা ও লগইন বক্স, উপরে রেডিটের লোগো
ছবি: আইটিবাংলা গ্রাফিক্স (মূল ছবি: ডিজিবাংলা)

আমাদের প্রতিবেদক

অ্যাকাউন্ট ছাড়া বা লগআউট অবস্থায় রেডিটের পোস্ট ও আলোচনা পড়ার সুযোগ ধীরে ধীরে বন্ধ করতে যাচ্ছে প্ল্যাটফর্মটি। রেডিটের প্রধান নির্বাহী স্টিভ হাফম্যান ২৯ অক্টোবর তৃতীয় প্রান্তিকের ফল প্রকাশ উপলক্ষে শেয়ারধারীদের কাছে পাঠানো চিঠিতে জানিয়েছেন, রেডিটকে ‘শুধু লগইনভিত্তিক’ অভিজ্ঞতায় নিয়ে যাওয়ার কাজ চলছে। প্রথমে যুক্তরাষ্ট্রের বাইরের নির্দিষ্ট কয়েকটি বাজারে এটি পরীক্ষা করা হবে।

রেডিটের লোগো
ছবি: ডিজিবাংলা

কোন কোন দেশে পরীক্ষা হবে, তা জানানো হয়নি। সারা বিশ্বে কবে থেকে নিয়মটি চালু হবে, সে সময়সূচিও এখনো ঠিক হয়নি। প্রযুক্তি সংবাদমাধ্যম টেকক্রাঞ্চ ও দ্য ভার্জ জানিয়েছে, পরীক্ষার ফল দেখে ব্যবহারকারীর অভিজ্ঞতা ও ব্যবসার ওপর প্রভাব যাচাই করে পরবর্তী সিদ্ধান্ত নেবে রেডিট।

বিজ্ঞাপন

কমছে সার্চ থেকে আসা পাঠক

হাফম্যানের চিঠি অনুযায়ী, তৃতীয় প্রান্তিকে সার্চ ইঞ্জিন থেকে রেডিটে আসা ট্রাফিক উল্লেখযোগ্যভাবে কমেছে। সবচেয়ে বেশি কমেছে লগআউট অবস্থার ও ওয়েবের ট্রাফিক। চলতি অক্টোবরে সার্চ থেকে আসা রেফারেল সপ্তাহে গড়ে ১০ লাখের বেশি কমেছে বলে জানিয়েছেন তিনি। এই হারে কমতে থাকলে চতুর্থ প্রান্তিকে দৈনিক সক্রিয় ব্যবহারকারী বর্তমান প্রায় ১৩ কোটি থেকে দুই অঙ্কের নিচের দিকের শতাংশ হারে কমে যেতে পারে বলেও সতর্ক করেছেন হাফম্যান। প্রযুক্তি সংবাদমাধ্যমগুলো এ পরিস্থিতির পেছনে গুগলের এআই ওভারভিউসহ এআইনির্ভর সার্চের প্রভাবকে বড় কারণ হিসেবে দেখছে।

রেডিট কেন লগইন চায়

চিঠিতে হাফম্যান লিখেছেন, লগইন করা ব্যবহারকারীরা প্রাসঙ্গিক কনটেন্ট ও কমিউনিটি সহজে খুঁজে পান এবং বেশি সক্রিয় থাকেন। এতে বিজ্ঞাপন নির্দিষ্ট দর্শকের কাছে পৌঁছানোর জন্য বেশি তথ্য মেলে। পাশাপাশি রেডিটের বিপুল তথ্যভান্ডারে অননুমোদিত প্রবেশ ঠেকানো এবং বিভিন্ন দেশের নতুন অনলাইন আইন মেনে চলাও সহজ হবে বলে মনে করেন তিনি। দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, রেডিটের তথ্যে অননুমোদিত প্রবেশের বেশির ভাগই ঘটে লগআউট অবস্থায়।

লগইন করলেও পরিচয় প্রকাশ করতে হবে না বলে জানিয়েছে রেডিট। বেনামে ব্রাউজ করার ‘ইনকগনিটো মোড’ নতুন করে তৈরি করা হচ্ছে। শেয়ার করা লিংক বা সার্চ থেকে আসা পাঠকেরা ঠিক কোন পর্যায়ে লগইনের বাধ্যতামূলক নোটিশ দেখবেন, তা এখনো ঠিক হয়নি। আয় বিবরণী নিয়ে আলোচনায় হাফম্যান বলেছেন, ‘আমাদের সঠিক সীমারেখাটা খুঁজে বের করতে হবে।’

তথ্যসূত্র

বিজ্ঞাপন

মন্তব্য

আরও পড়ুন