মূল বিষয়বস্তুতে যান
বিজ্ঞাপন

১,৭০০ কোটি ডলারে ইনস্টাকার্টকে কিনছে ডোরড্যাশ

শেয়ারপ্রতি ৬৫ ডলারের এই চুক্তি সম্পন্ন হতে পারে ২০২৭ সালের শেষ দিকে বা ২০২৮ সালের প্রথমার্ধে, তবে লাগবে নিয়ন্ত্রক অনুমোদন।

ডোরড্যাশের ডেলিভারি ব্যাগ, স্মার্টফোন ও ইনস্টাকার্টের মুদিপণ্যের ব্যাগ
ছবি: আইটিবাংলা গ্রাফিক্স (মূল ছবি: ডিজিবাংলা)

আমাদের প্রতিবেদক

যুক্তরাষ্ট্রের খাবার সরবরাহ প্ল্যাটফর্ম ডোরড্যাশ তাদের প্রতিদ্বন্দ্বী অনলাইন গ্রোসারি সেবা ইনস্টাকার্টকে কিনে নিচ্ছে। দুই প্রতিষ্ঠানের ২৯ অক্টোবরের যৌথ ঘোষণা অনুযায়ী, এই চুক্তিতে ইনস্টাকার্টের ইকুইটি মূল্য ধরা হয়েছে প্রায় ১,৭০০ কোটি (১৭ বিলিয়ন) মার্কিন ডলার। নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন মিললে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় দুই গ্রোসারি ডেলিভারি সেবা এক ছাতার নিচে আসবে।

ডোরড্যাশ ও ইনস্টাকার্টের লোগোসহ ডেলিভারি ব্যাগ ও মুদিপণ্য
ছবি: ডিজিবাংলা

ঘোষণায় বলা হয়েছে, ইনস্টাকার্টের প্রতিটি শেয়ারের জন্য ৬৫ ডলার দেবে ডোরড্যাশ। সম্ভাব্য চুক্তির খবর প্রকাশের আগে শেষ লেনদেনের দিন, অর্থাৎ ২২ অক্টোবরের সমাপনী দরের চেয়ে এটি ২৬ শতাংশ বেশি। মোট মূল্যের অন্তত ৭৫ শতাংশ পরিশোধ হবে নগদে। শেয়ারধারীরা নগদ অর্থ, ডোরড্যাশের শেয়ার বা দুটির মিশ্রণ বেছে নিতে পারবেন, তবে মোট মূল্যের ২৫ শতাংশের বেশি শেয়ারে দেওয়া হবে না। ইনস্টাকার্টের পরিচালনা পর্ষদ সর্বসম্মতভাবে চুক্তিটি অনুমোদন করেছে।

বিজ্ঞাপন

চুক্তি সম্পন্ন হতে সময় লাগবে। প্রতিষ্ঠান দুটি জানিয়েছে, ২০২৭ সালের শেষ দিকে অথবা ২০২৮ সালের প্রথমার্ধে প্রক্রিয়াটি শেষ হতে পারে। এর জন্য ইনস্টাকার্টের শেয়ারধারীদের অনুমোদন, যুক্তরাষ্ট্রের অ্যান্টিট্রাস্ট আইনের আওতায় পর্যালোচনা এবং কানাডাসহ অন্যান্য দেশের নিয়ন্ত্রক অনুমোদন লাগবে। ইনস্টাকার্টের প্রায় ১৯ শতাংশ শেয়ারের মালিকেরা চুক্তির পক্ষে ভোট দিতে সম্মত হয়েছেন। ততদিন দুটি প্রতিষ্ঠান আলাদাভাবেই চলবে। অধিগ্রহণের পরও ইনস্টাকার্টের ব্র্যান্ড, অ্যাপ ও খুচরা বিক্রেতাদের জন্য তৈরি প্রযুক্তিপণ্য রেখে দেওয়ার কথা জানিয়েছে ডোরড্যাশ।

গ্রাহক ও দোকানের জন্য কী বদলাবে

ডোরড্যাশের দাবি, একীভূত হলে ইনস্টাকার্টের গ্রাহকেরা বর্তমানের প্রায় এক লাখ দোকানের পাশাপাশি আরও ৫০ হাজারের বেশি দোকান থেকে কেনাকাটা করতে পারবেন। ডোরড্যাশের ড্যাশপাস ও ইনস্টাকার্ট প্লাস, দুই সাবস্ক্রিপশনের সদস্যদের তখন আলাদা দুটি ফি দিতে হবে না, একটি ফি-তেই চলবে। প্রতিষ্ঠানটির হিসাবে, শুধু এই খাতে গ্রাহকদের বছরে প্রায় ১০ কোটি ডলার সাশ্রয় হবে। ছোট-বড় সব দোকান ডোরড্যাশের ডেলিভারি নেটওয়ার্ক এবং ইনস্টাকার্টের গ্রোসারি ও ফুলফিলমেন্ট প্রযুক্তি একসঙ্গে ব্যবহার করতে পারবে বলেও জানানো হয়েছে।

আগেও আলোচনা হয়েছিল

প্রযুক্তি সংবাদমাধ্যম এনগ্যাজেট জানিয়েছে, ২০২১ সালেও ইনস্টাকার্টকে কেনার বিষয়ে আলোচনা করেছিল ডোরড্যাশ। তখন মূল্য নিয়ে মতভেদ ও অ্যান্টিট্রাস্ট ঝামেলার আশঙ্কায় সেই আলোচনা এগোয়নি। সম্প্রতি বিভিন্ন প্রতিবেদনে ইনস্টাকার্ট বিক্রির পথ খুঁজছে বলে খবর আসে। সম্ভাব্য ক্রেতা হিসেবে উবারের নামও আলোচনায় ছিল। টেকক্রাঞ্চের তথ্য অনুযায়ী, ইনস্টাকার্টের বর্তমান বাজারমূল্য ১,৩০০ কোটি ডলারের বেশি।

রেস্তোরাঁর খাবার পৌঁছে দেওয়ার সেবা দিয়ে পরিচিতি পেলেও ডোরড্যাশ কয়েক বছর ধরে মুদিপণ্য ডেলিভারিতে ব্যবসা বাড়াচ্ছে। চলতি বছর ড্রোনে পণ্য পৌঁছে দেওয়ার পরীক্ষামূলক কার্যক্রমও শুরু করেছে প্রতিষ্ঠানটি। অন্যদিকে ইনস্টাকার্ট শুরু থেকেই মুদিপণ্য সরবরাহে মনোযোগী। এখন দেখার বিষয়, মার্কিন নিয়ন্ত্রক সংস্থাগুলো এই একীভূতকরণে কোনো শর্ত দেয় কি না।

তথ্যসূত্র

বিজ্ঞাপন

মন্তব্য

আরও পড়ুন