মূল বিষয়বস্তুতে যান
বিজ্ঞাপন

জেমিনিতে ‘জেমস’ হচ্ছে ‘স্কিলস’, ‘স্পার্ক’ এখন ‘টাস্ক’: যা জানা দরকার

১৭ নভেম্বর থেকে ব্যক্তিগত অ্যাকাউন্টের জেমস স্বয়ংক্রিয়ভাবে স্কিলসে রূপান্তরিত হবে। কিছু সুবিধা এখনো নেই, তাই আগেভাগে নির্দেশনার ব্যাকআপ রাখার পরামর্শ।

জেমিনিতে ‘জেমস’ হচ্ছে ‘স্কিলস’, ‘স্পার্ক’ এখন ‘টাস্ক’: যা জানা দরকার

জেমিনির কাস্টম এআই বট ‘জেমস’-এর নাম ও কাজের ধরন বদলে ‘স্কিলস’ করছে গুগল। আগামী ১৭ নভেম্বর থেকে ব্যক্তিগত গুগল অ্যাকাউন্টের জেমস স্বয়ংক্রিয়ভাবে নতুন ফরম্যাটে রূপান্তর শুরু হবে। একই সঙ্গে ব্যবহারকারীর অনুপস্থিতিতে কাজ করা এআই এজেন্ট ‘স্পার্ক’ জেমিনির চ্যাটে এখন দেখা যাচ্ছে ‘টাস্ক’ নামে। প্রযুক্তি ওয়েবসাইট অ্যান্ড্রয়েড পুলিশ পরিবর্তনগুলো বিস্তারিত তুলে ধরেছে।

জেমস থেকে স্কিলস

চ্যাটবক্সে স্ল্যাশ (/) চিহ্ন দিয়ে পছন্দের স্কিল বেছে নেওয়া যাবে। ব্যবহারকারীর অনুরোধের সঙ্গে মিললে জেমিনি নিজেও উপযুক্ত স্কিল প্রয়োগ করবে। বড় সুবিধা হলো, একই কথোপকথনে একাধিক স্কিল একসঙ্গে চালানো যাবে—যেমন একটি স্কিল প্রতিষ্ঠানের ব্র্যান্ডের ভাষা ঠিক রাখবে, আরেকটি লেখার টোন। ফলে আলাদা বটের মধ্যে বারবার তথ্য আদান-প্রদানের ঝামেলা কমবে।

তবে জেমসের কিছু সুবিধা স্কিলসে এখনো নেই: ক্যানভাস, ডিপ রিসার্চ, গাইডেড লার্নিং এবং ভিডিও ও সংগীত তৈরির মতো বিল্ট-ইন টুল এতে কাজ করে না। স্কিল শেয়ার করা বা গুগল ড্রাইভ থেকে ফাইল যুক্ত করাও আপাতত সম্ভব নয়। এসবের ওপর নির্ভরশীল জেম থাকলে ১৭ নভেম্বরের আগেই বিকল্প ঠিক করে রাখা ভালো। কর্মক্ষেত্র ও শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাকাউন্টে এই পরিবর্তন আসবে ২০২৭ সালে।

বিজ্ঞাপন

শিডিউলড অ্যাকশনস: নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কাজ

এই সুবিধায় একটি নির্দেশনা কখন ও কতবার চলবে, তা ঠিক করে দেওয়া যায়; জেমিনি পেছনে কাজ সেরে নির্ধারিত সময়ে ফল জানায়। যেমন সকালে দিনের সূচি, করণীয় ও ই-মেইলের সারসংক্ষেপ, কিংবা আবহাওয়া দেখে পোশাকের পরামর্শ। একসঙ্গে সর্বোচ্চ ১০টি অ্যাকশন চালু রাখা যায়। এখন আর গুগল এআই সাবস্ক্রিপশন লাগে না, তবে বিনা মূল্যের অ্যাকাউন্টে এটি ধাপে ধাপে আসছে এবং ‘কিপ অ্যাক্টিভিটি’ চালু রাখতে হয়।

দুটি সীমাবদ্ধতা মাথায় রাখুন: জেমিনি নির্ধারিত সময়ের আগের এক ঘণ্টার মধ্যে ফল তৈরি করে, তাই দ্রুত বদলায় এমন তথ্য পুরোনো হয়ে যেতে পারে। আর আবহাওয়ার মতো অবস্থাননির্ভর কাজে অ্যাকশন তৈরির সময়কার অবস্থানই ধরে রাখে; ভ্রমণে গেলে সেটিংসে অবস্থান বদলে নিতে হবে।

স্পার্ক বা টাস্ক: আপনার অনুপস্থিতিতেও কাজ

স্পার্ক এমন এক এআই এজেন্ট, যা জটিল কাজের একাধিক ধাপ নিজে নিজে শেষ করতে পারে। নতুন ইন্টারফেসে এর নাম ‘টাস্ক’, যদিও গুগলের সহায়তা পাতায় এখনো স্পার্ক নামই আছে। এটি চলে গুগল ক্লাউডের ভার্চ্যুয়াল মেশিনে, তাই ল্যাপটপ বন্ধ বা ফোন লক থাকলেও কাজ চলতে থাকে। প্রতিদ্বন্দ্বীদের তথ্য সংগ্রহ, ওয়েবসাইটে বহু ধাপের কাজ বা অপ্রয়োজনীয় নিউজলেটার আনসাবস্ক্রাইব করার মতো কাজে এটি কাজে লাগে। নির্দিষ্ট ঘটনাতেও এটি সক্রিয় হতে পারে—যেমন বিমানের টিকিটের দাম নির্দিষ্ট সীমার নিচে নামলে জানিয়ে দেওয়া।

বার্তা পাঠানো, তথ্য বদলানো, কেনাকাটা বা ফরম জমা দেওয়ার আগে স্পার্ক অনুমতি চাইতে পারে; পাসওয়ার্ড বা পেমেন্টের তথ্য লাগলে নিয়ন্ত্রণ ব্যবহারকারীর হাতে ফিরিয়ে দেয়। তবে গুগল নিজেই বলছে, এসব সুরক্ষা সব ঝুঁকি ঠেকাতে পারে না। স্পার্ক ব্যবহারে গুগল এআই প্রো বা আলট্রা সাবস্ক্রিপশন এবং ‘কিপ অ্যাক্টিভিটি’ চালু থাকা লাগে; একসঙ্গে সর্বোচ্চ ১৫টি টাস্ক চালানো যায়।

পুরোনো জেমসের ব্যাকআপ রাখুন

নাম ও কাঠামো বদলের এই সময়ে প্রতিটি জেমের নির্দেশনা একটি মার্কডাউন ফাইলে কপি করে রাখা এবং সংশ্লিষ্ট জ্ঞানভিত্তিক ফাইলগুলো ডাউনলোড করে রাখার পরামর্শ দিয়েছে অ্যান্ড্রয়েড পুলিশ। বিশেষ নির্দেশনা বা ফাইলনির্ভর জেমের ক্ষেত্রে এটি বিশেষভাবে জরুরি।

বিজ্ঞাপন

মন্তব্য

আরও পড়ুন