এআই বিল্ডার্স কংগ্রেস ২০২৬-এর জন্য স্বেচ্ছাসেবক আহ্বান ক্লাউডক্যাম্পের
২৬ ডিসেম্বর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আশুলিয়া ক্যাম্পাসে হতে যাওয়া ‘ইন্টারন্যাশনাল এআই বিল্ডার্স কংগ্রেস ২০২৬’-এর জন্য স্বেচ্ছাসেবক খুঁজছে ক্লাউডক্যাম্প বাংলাদেশ।
‘ইন্টারন্যাশনাল এআই বিল্ডার্স কংগ্রেস ২০২৬’-এর জন্য স্বেচ্ছাসেবক (ভলান্টিয়ার) আহ্বান করেছে আয়োজক প্রতিষ্ঠান ক্লাউডক্যাম্প বাংলাদেশ। বুধবার (২৮ অক্টোবর) রাতে প্রতিষ্ঠানটির ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানানো হয়।
পোস্টে বলা হয়, কংগ্রেস ডে অনুষ্ঠিত হবে ২৬ ডিসেম্বর ২০২৬, ঢাকার আশুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) ক্যাম্পাসে। আয়োজকদের ভাষায়, স্বেচ্ছাসেবকেরা বাস্তব ইভেন্ট আয়োজনের অভিজ্ঞতা, নতুন দক্ষতা অর্জন ও নেটওয়ার্ক বাড়ানোর সুযোগ পাবেন।
যেভাবে যুক্ত হওয়া যাবে
ক্লাউডক্যাম্পের পোস্ট অনুযায়ী, আগ্রহীদের এআই বিল্ডার্স কংগ্রেসের অফিশিয়াল ওয়েবসাইটে ‘ভলান্টিয়ার’ হিসেবে নিবন্ধন করতে হবে। এরপর আয়োজক দল নিবন্ধন যাচাই করবে এবং অনুমোদন পেলে পরবর্তী নির্দেশনা ই-মেইলে জানানো হবে।
তবে পোস্টে স্পষ্ট করা হয়েছে, নিবন্ধন ও প্রাথমিক অনুমোদন মানেই কংগ্রেস ডে-তে স্বেচ্ছাসেবকের দায়িত্ব নিশ্চিত নয়। প্রস্তুতিকালীন সময়ে কার্যক্রম, সম্পৃক্ততা, পারফরম্যান্স ও অবদানের ভিত্তিতে চূড়ান্ত বাছাই করা হবে।

কংগ্রেস সম্পর্কে আয়োজকেরা যা বলছেন
আয়োজনের ওয়েবসাইটে বলা হয়েছে, এটি ১ জুলাই ২০২৬ থেকে শুরু হওয়া ছয় মাসের একটি ‘বিল্ডার জার্নি’, যার সমাপ্তি হবে ২৬ ডিসেম্বরের কংগ্রেস ডে-তে। আয়োজকদের দাবি, সেদিন দেশ-বিদেশের পাঁচ হাজারের বেশি এআই বিল্ডার একত্র হবেন। ওয়েবসাইটের সূচি অনুযায়ী, অনুষ্ঠান চলবে সকাল ৭টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত।
ওয়েবসাইটে খাদ্য, স্বাস্থ্য, অর্থ, শিক্ষা, জলবায়ু, কৃষি, বিচারসহ বিভিন্ন ডোমেইনের চ্যালেঞ্জের তালিকা রয়েছে। আয়োজনের দুটি প্রধান প্রতিযোগিতা ‘আইডিয়া টু ইউনিকর্ন’ ও ‘জিরো টু লঞ্চ’। ওয়েবসাইট অনুযায়ী, ‘আইডিয়া টু ইউনিকর্ন’-এর প্রাথমিক জমা চলবে ২০ নভেম্বর এবং ‘জিরো টু লঞ্চ’-এর প্রাথমিক জমা চলবে ১৫ নভেম্বর পর্যন্ত। কংগ্রেস ডে-তে ‘জিরো টু লঞ্চ’-এর ফাইনালিস্টরা এক ঘণ্টার লাইভ বিল্ডে অংশ নেবেন।
এই প্রতিবেদন লেখার সময় ওয়েবসাইটে ৩ হাজার ৯৫৪ জন অংশগ্রহণকারী ও ৭১৪টি দল নিবন্ধিত দেখা গেছে।
প্রচারণা পোস্টার অনুযায়ী, আয়োজনটির আয়োজক ক্লাউডক্যাম্প বাংলাদেশ এবং সহ-আয়োজক ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। প্রযুক্তি অংশীদার হিসেবে পোস্টারে এডব্লিউএস, লাভেবল, ক্যারিয়ার ক্যানভাস ও অ্যাস্ট্রোনাস টেকের নাম রয়েছে।











মন্তব্য