মেয়েদের প্রোগ্রামিং প্রতিযোগিতা বিডিজিপিসির অনলাইন প্রাথমিক পর্ব ৩১ অক্টোবর, টফে
বাংলাদেশ গার্লস প্রোগ্রামিং কনটেস্ট ২০২৬-এর মক কনটেস্ট বিকেল ৩টা থেকে ৫টা এবং প্রাথমিক পর্ব রাত ৭টা থেকে ১০টা পর্যন্ত টফ প্ল্যাটফর্মে হবে বলে জানিয়েছে আয়োজক বিডিওএসএন।
মেয়েদের জন্য আয়োজিত জাতীয় প্রোগ্রামিং প্রতিযোগিতা ‘বাংলাদেশ গার্লস প্রোগ্রামিং কনটেস্ট ২০২৬’ (BdGPC’26)-এর মক কনটেস্ট ও অনলাইন প্রাথমিক পর্ব হচ্ছে শনিবার (৩১ অক্টোবর)। প্রতিযোগিতা হবে অনলাইন কনটেস্ট প্ল্যাটফর্ম টফে (toph.co)। আয়োজক বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (BdOSN) ৩০ অক্টোবর তাদের ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছে।
পোস্ট অনুযায়ী, মক কনটেস্ট চলবে বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত, আর প্রাথমিক পর্ব রাত ৭টা থেকে ১০টা পর্যন্ত। আয়োজকেরা বলছেন, মূল পর্বের আগে প্রস্তুতির জন্যই মক কনটেস্ট রাখা হয়েছে। এতে অংশগ্রহণকারীরা সমস্যা সমাধানের চর্চা করতে পারবেন, নিজেদের প্রস্তুতি যাচাই করতে পারবেন এবং কনটেস্টের পরিবেশের সঙ্গেও পরিচিত হতে পারবেন।

প্রতিযোগিতার কাঠামো
বিডিওএসএনের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, প্রতিযোগিতাটি বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের (BFF) সহায়তায় আয়োজন করছে বিডিওএসএন। এটি সংগঠনটির ২০১৫ সালে শুরু হওয়া ‘মিসিং ডটার’ উদ্যোগের অংশ। একাডেমিক পার্টনার হিসেবে আছে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি।
প্রতিযোগিতাটি ব্যক্তিগত, অর্থাৎ প্রত্যেক প্রতিযোগী নিজে সমস্যা সমাধান করে জমা দেবেন। অংশ নিতে কোনো ফি লাগছে না। প্রতিযোগীরা দুটি ক্যাটাগরিতে অংশ নিচ্ছেন। হাইস্কুল ক্যাটাগরিতে আছে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি (এ-লেভেল পর্যন্ত) এবং চতুর্থ সেমিস্টার পর্যন্ত পলিটেকনিকের ছাত্রীরা। ইউনিভার্সিটি ক্যাটাগরিতে আছেন চতুর্থ বর্ষ পর্যন্ত স্নাতক পর্যায়ের ছাত্রীরা। দুই ক্যাটাগরির প্রশ্ন আলাদা। সমাধান জমা দেওয়া যাবে C, C++, Java বা Python-এ।
প্রাথমিক পর্বের পর ঢাকায় সরাসরি উপস্থিতিতে জাতীয় চূড়ান্ত পর্ব হবে বলে ওয়েবসাইটে জানানো হয়েছে। সেখানে নগদ পুরস্কার, ট্রফি, মেডেল ও সনদ দেওয়ার কথা বলা হয়েছে। তবে চূড়ান্ত পর্বের তারিখ এখনো ওয়েবসাইটে দেওয়া হয়নি। ওয়েবসাইটে নিবন্ধন বন্ধ বলে দেখানো হচ্ছে।
প্রস্তুতিতে দেশজুড়ে ক্যাম্প
প্রতিযোগিতার আগে সেপ্টেম্বর ও অক্টোবরে দেশের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অ্যাক্টিভেশন সেশন ও হাতে-কলমে প্রোগ্রামিং ক্যাম্প করেছে বিডিওএসএন। ওয়েবসাইটের তালিকায় এমন ৩০টি কার্যক্রম আছে। এর মধ্যে ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, রংপুর, গোপালগঞ্জ, নওগাঁ, টাঙ্গাইল, হবিগঞ্জ ও কক্সবাজারের শিক্ষাপ্রতিষ্ঠানে হওয়া সেশন যেমন আছে, তেমনি আছে Python, String, Greedy Algorithms, Geometry, Number Theory ও Dynamic Programming নিয়ে অনলাইন সেশনও।
প্রতিযোগিতার হালনাগাদ তথ্য bdosn.org/programs/bdgpc ঠিকানায় পাওয়া যাবে বলে জানিয়েছেন আয়োজকেরা।











মন্তব্য