ভারতের ডিপ-টেক স্টার্টআপদের প্রশিক্ষণ ও পরামর্শ দেবে আইবিএম
মেইটি স্টার্টআপ হাবের সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে আইবিএম। উদ্যোক্তারা পাবেন ওয়াটসনএক্স, ‘বব’ কোডিং এজেন্টসহ প্রতিষ্ঠানটির প্রযুক্তি ব্যবহারের সুযোগ ও বিশেষজ্ঞ পরামর্শ।
ভারতের ডিপ-টেক বা উন্নত প্রযুক্তিনির্ভর স্টার্টআপগুলোর পাশে দাঁড়াচ্ছে আইবিএম। প্রতিষ্ঠানটি এসব স্টার্টআপকে প্রযুক্তিগত প্রশিক্ষণ, বিশেষজ্ঞ পরামর্শ এবং ব্যবসা সম্প্রসারণে সহায়তা দেবে। এ লক্ষ্যে ১৩ অক্টোবর ভারতের ইলেকট্রনিকস ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগ মেইটি স্টার্টআপ হাবের সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে আইবিএম।
কী সুবিধা পাবেন উদ্যোক্তারা
- আইবিএমের ওয়াটসনএক্স এআই ও ডেটা প্ল্যাটফর্ম ব্যবহারের সুযোগ
- এআই কোডিং এজেন্ট ‘বব’ এবং সভরেন কোর সফটওয়্যার
- আইবিএমের বিশেষজ্ঞদের পরামর্শ ও প্রযুক্তিগত প্রশিক্ষণ
এ ছাড়া ব্যাংকিং, আর্থিক সেবা, সরকারি খাত ও শিল্পপ্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী প্রযুক্তিভিত্তিক সমাধান তৈরিতেও একসঙ্গে কাজ করবে দুই পক্ষ।
কী বলছেন সংশ্লিষ্টরা
মেইটি স্টার্টআপ হাবের প্রধান নির্বাহী পন্নিসেলভাম মাদানাগোপালের মতে, এই সহযোগিতা ভারতের নিজস্ব উন্নত প্রযুক্তি সক্ষমতা বাড়াবে এবং প্রযুক্তিনির্ভর নতুন উদ্যোক্তা তৈরিতে ভূমিকা রাখবে।
আইবিএম ইন্ডিয়া ও দক্ষিণ এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক সন্দীপ প্যাটেল বলেন, এর ফলে স্টার্টআপগুলো দেশীয় ও আন্তর্জাতিক বাজারের উপযোগী প্রযুক্তি তৈরি করে ব্যবসা বাড়ানোর সুযোগ পাবে।
বড় প্রযুক্তি প্রতিষ্ঠান ও সরকারি স্টার্টআপ হাবের এমন অংশীদারত্ব দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের স্টার্টআপ ইকোসিস্টেমের জন্যও একটি অনুসরণযোগ্য দৃষ্টান্ত হতে পারে।

মন্তব্য