সারাদিনের কথা মনে রাখবে অ্যামাজনের নতুন দুই এআই ডিভাইস
‘বি’ ব্র্যান্ডের অধীনে ৭৫ ও ১০০ ডলারের দুটি পরিধানযোগ্য ডিভাইস এনেছে অ্যামাজন, যা কথোপকথন থেকে তথ্য নিয়ে প্রয়োজনীয় কাজ মনে করিয়ে দেবে।
অ্যামাজন তাদের ‘বি’ ব্র্যান্ডের অধীনে দুটি পরিধানযোগ্য এআই ডিভাইস উন্মোচন করেছে। ডিভাইস দুটি ব্যবহারকারীর দিনের কথোপকথন ও কাজকর্ম থেকে তথ্য নিয়ে পরে প্রয়োজনীয় বিষয় মনে করিয়ে দেবে। প্রযুক্তি সংবাদমাধ্যম এনগ্যাজেট এ খবর দিয়েছে।
ফ্রন্টিয়ার ও ইক্লিপস
- ফ্রন্টিয়ার: হাতে পরার ব্রেসলেট, দাম ৭৫ ডলার।
- ইক্লিপস: দেখতে ছোট ম্যাগনেটিক পোর্টেবল চার্জারের মতো, স্মার্টফোনের সঙ্গে লাগিয়ে ব্যবহার করা যায়; দাম ১০০ ডলার।
দুটি ডিভাইসই বিভিন্ন অ্যাপ, ক্যালেন্ডার ও অন্যান্য উৎস থেকে তথ্য সংগ্রহ করে সময়মতো রিমাইন্ডার দেবে। সান ফ্রান্সিসকোতে টেকক্রাঞ্চ ডিসরাপ্ট সম্মেলনে অ্যামাজনের ডিভাইস বিভাগের প্রধান পানোস পানায় বলেন, কার সঙ্গে কী কথা হয়েছে, কাকে কোন কাজের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে কিংবা পরে কী করার কথা—এসব ডিভাইসই মনে রাখবে। ফলে আলাদা করে নোট বা রিমাইন্ডার রাখার ঝামেলা কমবে। তবে বাস্তবে এটি কতটা নির্ভুলভাবে কাজ করে, তা ব্যবহারের পরই বোঝা যাবে।
গোপনীয়তা নিয়ে প্রশ্ন
সারাক্ষণ কথোপকথন শোনার সক্ষমতা থাকায় ব্যক্তিগত গোপনীয়তা নিয়ে প্রশ্ন উঠেছে। অ্যামাজনের ভাষ্য, ডিভাইস কখন চালু থাকবে তা ব্যবহারকারীই ঠিক করবেন, চাইলে আগের কথোপকথন মুছে ফেলা যাবে এবং গ্রাহকের অডিও কোম্পানির সার্ভারে রাখা হবে না।
সংগৃহীত তথ্য সর্বোচ্চ ১৪ দিন সংরক্ষিত থাকবে। মাসে ১২ ডলারের সাবস্ক্রিপশন নিলে এই মেয়াদ বাড়ানো যাবে। ডিভাইস দুটি অ্যামাজনের পেইড জেনারেটিভ এআই সেবা ‘আলেক্সা প্লাস’-এর সঙ্গেও যুক্ত করা যাবে।
উল্লেখ্য, ২০১৯ সালে আলেক্সার মাধ্যমে ব্যবহারকারীদের ব্যক্তিগত কথোপকথন শোনার বিষয়টি প্রকাশ্যে আসার পর সমালোচনা ও আইনি বিরোধের মুখে পড়েছিল অ্যামাজন। তাই নতুন ডিভাইসে তথ্য কীভাবে প্রক্রিয়া ও সুরক্ষিত করা হবে, সে নীতিমালা যাচাই করা জরুরি।
বাড়ছে প্রতিযোগিতা
এআইচালিত পরিধানযোগ্য প্রযুক্তির বাজারে অ্যামাজনকে লড়তে হবে মেটার ‘মিউজ চার্ম’ পেনডেন্ট, ক্যামেরা ও সেন্সরযুক্ত স্মার্ট চশমা এবং কথোপকথন থেকে কাজ গুছিয়ে দেওয়া বিভিন্ন স্টার্টআপের ডিভাইসের সঙ্গে। পানায়ের লক্ষ্য, মান ও দীর্ঘস্থায়িত্বের জন্য বাড়তি খরচ করতে আগ্রহী গ্রাহকদের কাছে পৌঁছানো।





মন্তব্য