এক মিনিটের জন্য google.com-এর মালিক: ১২ ডলারের সেই কেনাকাটার গল্প
২০১৫ সালে গুগলের সাবেক কর্মী সানমে বেদ Google Domains থেকে ১২ ডলারে google.com কিনেছিলেন। প্রায় এক মিনিট পর গুগল তা বাতিল করে, পরে দেয় ৬,০০৬.১৩ ডলারের পুরস্কার, যা দাতব্য কাজে দান করায় দ্বিগুণ হয়।
মাত্র ১২ ডলারে বিশ্বের সবচেয়ে বেশি ভিজিট হওয়া ওয়েবসাইটের ডোমেইন কিনে ফেলা। শুনতে অবিশ্বাস্য হলেও ২০১৫ সালে ঠিক এমন ঘটনাই ঘটেছিল। গুগলের সাবেক কর্মী সানমে বেদ (Sanmay Ved) গুগলেরই ডোমেইন সেবা Google Domains থেকে প্রায় এক মিনিটের জন্য google.com-এর ‘মালিক’ হয়েছিলেন। প্রায় এক দশক পরও প্রযুক্তি দুনিয়ার আলোচিত এই ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে পোস্ট ছড়াচ্ছে। গুগলের নিজস্ব ব্লগ, বেদের লিংকডইন পোস্ট এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন মিলিয়ে দেখা হয়েছে, আসলে কী ঘটেছিল।
যেভাবে ‘Available’ দেখাল google.com
বেদের লিংকডইন পোস্ট অনুযায়ী, ২০১৫ সালের ২৯ সেপ্টেম্বর, মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ইস্টার্ন টাইম রাত ১টা ২০ মিনিটে তিনি Google Domains-এর সার্চ বক্সে google.com লিখে দেখেন, ডোমেইনটি কেনার জন্য ‘Available’ দেখাচ্ছে। তিনি ডোমেইনটি কার্টে যোগ করে চেকআউট করেন। তাঁর দাবি, ক্রেডিট কার্ড থেকে ১২ ডলার কেটেও নেওয়া হয়।
বিজনেস ইনসাইডারকে বেদ বলেছিলেন, তিনি একসময় গুগলে কাজ করতেন বলে গুগলের বিভিন্ন প্রোডাক্ট নিয়ে প্রায়ই পরীক্ষা-নিরীক্ষা করেন। সিএনএন মানি ও পোয়েটস অ্যান্ড কোয়ান্টসের তথ্য অনুযায়ী, তিনি ২০০৭ থেকে ২০১২ সাল পর্যন্ত প্রায় সাড়ে পাঁচ বছর গুগলে সেলস বিভাগে কাজ করেছেন। ঘটনার সময় তিনি যুক্তরাষ্ট্রের ব্যাবসন কলেজে এমবিএ করছিলেন। বেদের বাড়ি ভারতের গুজরাটে।
‘এক মিনিটের জন্য আমার অ্যাক্সেস ছিল’
কেনার পরপরই বেদের ই-মেইলে google.com সংক্রান্ত বিভিন্ন বার্তা আসতে থাকে। লিংকডইন পোস্টে তিনি লিখেছেন, Google Search Console (তৎকালীন Webmaster Tools)-এ google.com-এর ওয়েবমাস্টার মেসেজ দেখা যাচ্ছিল এবং গুগলের কিছু অভ্যন্তরীণ নোটিফিকেশনও তাঁর কাছে আসে। বিজনেস ইনসাইডারকে তিনি বলেন, “So for one minute, I had access.”
তবে সামাজিক যোগাযোগমাধ্যমে যেভাবে ‘পুরো নিয়ন্ত্রণ’ পাওয়ার কথা বলা হচ্ছে, বিষয়টি তেমন ছিল না। বেদের বর্ণনা অনুযায়ী, তাঁর হাতে এসেছিল মূলত Search Console-এর ওয়েবমাস্টার অ্যাক্সেস ও সংশ্লিষ্ট ই-মেইল। বিবিসির প্রতিবেদন অনুযায়ী, প্রায় এক মিনিট পর গুগল লেনদেনটি বাতিল করে এবং ১২ ডলার ফেরত দেয়। বেদ জানান, Google Domains থেকে তিনি অর্ডার বাতিলের ই-মেইল পান। গুগল কীভাবে ডোমেইনটি সাময়িকভাবে ‘হারিয়েছিল’, তা তিনি জানেন না বলে উল্লেখ করেন। বিবিসি জানায়, বেদ তাঁর কাছে আসা অভ্যন্তরীণ ই-মেইলগুলো গুগলের সিকিউরিটি টিমকে দিয়েছিলেন।

পুরস্কারের অঙ্কে লুকানো ‘Google’
ঘটনাটি জানানোর জন্য গুগল তাঁকে বাগ বাউন্টি বা নিরাপত্তা পুরস্কার দেয়। ২০১৬ সালের ২৮ জানুয়ারি Google Security Blog-এ প্রকাশিত ‘Google Security Rewards – 2015 Year in Review’ পোস্টে গুগল জানায়, বেদকে দেওয়া প্রাথমিক পুরস্কার ছিল ৬,০০৬.১৩ ডলার। গুগলের ভাষায়, অঙ্কটি সংখ্যায় ‘Google’ বানান করে; একটু চোখ সরু করে দেখলে 6006.13-এর মধ্যে GOOGLE পড়া যায়।
একই পোস্টে গুগল লিখেছে, বেদ পুরস্কারের অর্থ দাতব্য কাজে দান করায় গুগল অঙ্কটি দ্বিগুণ করে। সে হিসাবে মোট অঙ্ক দাঁড়ায় ১২,০১২.২৬ ডলার। গুগল অবশ্য ব্লগে মোট অঙ্ক আলাদা করে উল্লেখ করেনি; সিএনএন মানি ও বিবিসি বিষয়টিকে ‘দ্বিগুণ’ হিসেবেই উল্লেখ করেছে।
বেদ তাঁর লিংকডইন পোস্টে জানান, তিনি অর্থটি ভারতের আর্ট অব লিভিং ইন্ডিয়া ফাউন্ডেশনকে দিতে অনুরোধ করেন। সিএনএন মানির প্রতিবেদন অনুযায়ী, গুগল তাঁর পছন্দের এই সংস্থাকেই দ্বিগুণ অর্থ দেয়। বেদের ভাষ্য অনুযায়ী, সংস্থাটির শিক্ষা কার্যক্রমের আওতায় ভারতের ১৮টি রাজ্যে ৪০৪টি বিনা বেতনের স্কুল পরিচালিত হয়।
ভাইরাল পোস্টে যা ঠিক, যা সংশোধন দরকার
- সঠিক: তারিখ (২৯ সেপ্টেম্বর ২০১৫), ১২ ডলার দাম, বেদ গুগলের সাবেক কর্মী, প্রায় এক মিনিট পর গুগলের বাতিল করা, ৬,০০৬.১৩ ডলার পুরস্কার, দাতব্য কাজে দান এবং গুগলের অঙ্ক দ্বিগুণ করা।
- সংশোধন: সেবাটির নাম ছিল Google Domains। বেদ google.com-এর ‘পুরো নিয়ন্ত্রণ’ পাননি; তাঁর হাতে এসেছিল মূলত Search Console অ্যাক্সেস ও সংশ্লিষ্ট ই-মেইল। ১২ ডলার তাঁকে ফেরত দেওয়া হয়। পুরস্কারের অর্থ বেদের কাছে নয়, আর্ট অব লিভিং ইন্ডিয়া ফাউন্ডেশনে যায়। পুরস্কারের সুনির্দিষ্ট অঙ্ক গুগল প্রকাশ করে ২০১৬ সালের জানুয়ারিতে।
আর্জেন্টিনায়ও ঘটেছিল এমন ঘটনা
এ ধরনের ঘটনা একবারই ঘটেনি। বিবিসি মুন্দোর প্রতিবেদন অনুযায়ী, ২০২১ সালের ২১ এপ্রিল আর্জেন্টিনার ৩০ বছর বয়সী ওয়েব ডিজাইনার নিকোলাস কুরোনিয়া দেশটির ডোমেইন নিবন্ধন সংস্থা NIC Argentina থেকে মাত্র ২৭০ পেসোতে (প্রায় ২.৭ ডলার) google.com.ar নিবন্ধন করেন। এ সময় প্রায় দুই ঘণ্টা গুগল আর্জেন্টিনার সাইটে প্রবেশ করা যায়নি। কয়েক ঘণ্টার মধ্যেই NIC Argentina নিবন্ধনটি বাতিল করে। গুগল জানায়, ডোমেইনটির মেয়াদ শেষ হয়নি।
দুটি ঘটনাই মনে করিয়ে দেয়, বিশ্বের সবচেয়ে বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের ডোমেইন ব্যবস্থাপনাতেও ত্রুটি থাকতে পারে, আর সেই ত্রুটি দায়িত্বশীলভাবে জানানো হলে তা নিরাপত্তা জোরদারে কাজে আসে।











মন্তব্য