বিসিএস আইসিটি ফেস্টে স্টল ও প্যাভিলিয়ন ভাড়ায় ৫০ শতাংশ ছাড়, বুকিং ৩ নভেম্বর পর্যন্ত
এক্সপো স্টল মিলবে ৫০ হাজার টাকায়, প্যাভিলিয়ন দেড় লাখে। উৎসব ৬-৭ নভেম্বর আগারগাঁওয়ের বিসিএফসিসিতে।
আমাদের প্রতিবেদক
বিসিএস আইসিটি ফেস্ট ২০২৬-এ প্রদর্শনী স্টল ও প্যাভিলিয়নের ভাড়ায় ৫০ শতাংশ ছাড় দিচ্ছে আয়োজক বাংলাদেশ কম্পিউটার সোসাইটি (বিসিএস)। একে ‘ফাইনাল স্পেশাল অফার’ বলছে আয়োজকেরা। ছাড়ে বুকিং নিশ্চিত করার শেষ সময় ৩ নভেম্বর।
উৎসবের ফেসবুক পেজে প্রকাশিত তথ্য অনুযায়ী, এক্সপো স্টল বাকি আছে ১০টি। এর নিয়মিত ভাড়া ১ লাখ টাকা, ছাড়ে মিলবে ৫০ হাজার টাকায়। চারটি প্যাভিলিয়ন বাকি, যার ভাড়া ৩ লাখ থেকে কমে দেড় লাখ টাকা। আর তিনটি মিনি প্যাভিলিয়নের ভাড়া ২ লাখ থেকে কমিয়ে ১ লাখ টাকা করা হয়েছে। সব দামই প্রতি ইউনিটের হিসাবে।

রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) ৬ ও ৭ নভেম্বর এই উৎসব হবে। সহযোগিতায় আছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগ। স্টল বুকিং করা যাবে উৎসবের ওয়েবসাইট bcsictfest.com থেকে।
আয়োজকদের ওয়েবসাইট অনুযায়ী, উৎসবে সেমিনার ও প্যানেল আলোচনা, স্পনসর প্যাভিলিয়ন, এক্সপো স্টল ও স্টার্টআপ বুথ, নানা প্রতিযোগিতা ও প্রকল্প প্রদর্শনী থাকবে। ক্যারিয়ার, বৃত্তি ও ইন্টার্নশিপের সুযোগ নিয়েও আয়োজন থাকছে। আয়োজকেরা ১৫ হাজারের বেশি দর্শনার্থীর লক্ষ্য ধরেছেন।
১৯৭৯ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ কম্পিউটার সোসাইটি কম্পিউটার ও তথ্যব্যবস্থা নিয়ে কাজ করা পেশাজীবীদের সংগঠন।











মন্তব্য